মূল অংশে যান
রবিবার, ১ নভেম্বর ২০২৬ · ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ব্রেকিং
জাতীয়

এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল

গত বছরের তুলনায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডেই কমেছে পাসের হার, জিপিএ-৫ কমেছে ২৭ হাজারের বেশি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ · আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা,  সবার নিচে বরিশাল
শিক্ষার্থী। ছবি: ফাইল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৪.৬২ শতাংশ। অন্যদিকে বরিশাল বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৪.৮৪ শতাংশ, যা গত বছরের ৬২.৫৭ শতাংশের তুলনায় ১৭.৭৩ শতাংশ পয়েন্ট কম। দুই বোর্ডের পাসের হারের ব্যবধান ১৬.৯৬ শতাংশ পয়েন্ট।

বোর্ডভিত্তিক পাসের হার

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। এতে পাসের হার দাঁড়িয়েছে ৫১.৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭.১২ শতাংশ।

বোর্ডভিত্তিক ফলাফলে রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ, দিনাজপুরে ৪৫.৯৮ শতাংশ, কুমিল্লায় ৪৮.০৪ শতাংশ, যশোরে ৪৪.৯২ শতাংশ, চট্টগ্রামে ৫২.০৭ শতাংশ, সিলেটে ৫০.৯০ শতাংশ এবং ময়মনসিংহে ৫১.৪৪ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী কমেছে ২৭ হাজারের বেশি

এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৬৩ হাজার ২১৯। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৭ হাজার ২৭১ জন।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯.৪৩ শতাংশ।

সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২.১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮.৮৩ শতাংশ।

উল্লেখ্য, এবার প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বোর্ডভেদে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো।