সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী
রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. নয়ন নামে এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত আইনজীবী নয়নকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর রাজীব বোস নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন উপস্থিত আইনজীবী ও স্থানীয়রা।
সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর আইনজীবী ও স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল সাংবাদিকদের বলেন, সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। সমিতির দপ্তর সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা এ ঘটনার জন্য আওয়ামী লীগের সাবেক সরকারের সমর্থকদের দায়ী করে অভিযোগ করেন, আদালত অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





