ভারতে মুক্তির আগেই নিষেধাজ্ঞার দাবি, ফাওয়াদ-মাহিরার সিরিজ নিয়ে বিতর্ক
ভারতে পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধের দাবিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জনপ্রিয় দুই অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খানের নতুন ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো’ দেশটিতে মুক্তি না দেওয়ার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছে সংগঠনটি।
চিঠিতে সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত উল্লেখ করেন, ২০২৫ সালে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার বন্ধে নির্দেশিকা জারি করেছিল। পহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে ওটিটি ও ডিজিটাল মাধ্যমে পাকিস্তানি সিরিজ, সিনেমা, গান ও পডকাস্ট নিষিদ্ধ করা হয়। সংগঠনটির দাবি, নতুন সিরিজটি ভারতে মুক্তি পেলে ওই নির্দেশিকার মূল উদ্দেশ্য ব্যাহত হবে।
শুধু নির্দিষ্ট সিরিজটি বন্ধ রাখার দাবি নয়, ভারতীয় টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্রে পাকিস্তানি শিল্পী এবং প্রযোজনার কাজ স্থায়ীভাবে নিষিদ্ধ করতে কঠোর আইন প্রণয়নেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যেন কোনো ধরনের পাকিস্তানি কনটেন্ট প্রচার করা না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো’। সিরিজটিতে তিন প্রজন্মের প্রেম ও সম্পর্কের নানা টানাপোড়েন তুলে ধরা হয়েছে। ফাওয়াদ খান ও মাহিরা খান ছাড়াও এতে অভিনয় করেছেন হানিয়া আমির, সানাম সইদ, আহাদ রাজা মীর ও ইকরা আজিজের মতো পরিচিত তারকারা।
আগামী ৪ ডিসেম্বর ২০২৬ আন্তর্জাতিকভাবে সিরিজটি মুক্তির কথা রয়েছে। তবে ভারতে নিষিদ্ধের দাবি ওঠায় দেশটিতে এর সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





