মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণার পরও গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থামেনি। বুধবার সকালে টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে মহাসড়ক অবরোধ করা হয়। শ্রমিক আন্দোলনের কারণে এলাকায় ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বন্ধ রয়েছে ৩১টি কারখানা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার পর থেকে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখার সময়ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
এদিকে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। দুই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্বল্প দূরত্বের যানবাহন ছোট ছোট শাখা সড়কে প্রবেশ করায় সেখানেও যানজট তৈরি হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে সমস্যা হচ্ছে। যানবাহন ধীরগতিতে চলছে। সমস্যা সমাধান করে মহাসড়কগুলো সচল রাখার চেষ্টা করা হচ্ছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার এলাকায় ২০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ৩১টি কারখানা বন্ধ হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





