সাবেক এমপি দোলনসহ তিনজন রিমান্ডে
ঢাকার ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনসহ তিনজনকে রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। দোলনের সাত দিন এবং সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি জানিয়েছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা তিনজনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।
আসামিদের পক্ষে আইনজীবী এস এম দৌলত-এ-খুদা ও তাছলিমা জাহান পপি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় কৌঁসুলি হারুন-অর-রশীদও উপস্থিত ছিলেন।
শুনানি শেষে আদালত দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার রাতে বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলন, ধানমন্ডি থেকে মিজানুর রহমান এবং আজিমপুরের ইরাকি মাঠ থেকে তমালকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, তদন্তে গ্রেপ্তার তিনজনের ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার পলাতক আসামিদের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে।
আবেদনে আরও অভিযোগ করা হয়, তারা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন।
পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত, তাদের গ্রেপ্তার, অর্থের উৎস অনুসন্ধান এবং অস্ত্র উদ্ধারের জন্য তিনজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





