বিনা খরচে মালয়েশিয়ায় যেতে আবেদনকারীদের মধ্যে লটারিতে ৩০০ জনকে বাছাই
মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি’-তে শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল পর্যন্ত অনলাইনে জমা পড়া আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে লটারি কার্যক্রম পরিচালিত হয়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা সরাসরি এ পরীক্ষা নেবেন। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি পাঠানোর লক্ষ্য অর্জনে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রবাসীকল্যাণমন্ত্রীর ঘোষিত বিনা খরচে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও বাস্তবায়িত হচ্ছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দিতে চায় বোয়েসেল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হবে। এ ছাড়া পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
মেডিকেল ফি ও বিমানভাড়াসহ মালয়েশিয়া যাওয়ার সম্পূর্ণ খরচ নিয়োগকর্তা বহন করবে। ফলে চূড়ান্তভাবে নির্বাচিত ১১২ জন কর্মী কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
আজ বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?
১০ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





