নিজের ও স্ত্রীর অসুস্থতা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন জুয়েল রানা
নিজের দুই কিডনির গুরুতর জটিলতা ও স্ত্রীর ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও ‘চিত্ত মিডিয়া’র কর্ণধার জুয়েল রানা।
শনিবার (২১ নভেম্বর) ফেসবুক লাইভে এসে নিজের অসুস্থতার কথা জানান তিনি। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা জুয়েল রানা ২০১৩ সাল থেকে কিডনির সমস্যায় ভুগছেন। তিনি বংশগত পলিসিস্টিক ডিজিজে আক্রান্ত। পাশাপাশি কিডনিতে পাথর হওয়ার মতো যন্ত্রণাদায়ক সমস্যাও রয়েছে। বর্তমানে তার দুই কিডনিতেই গুরুতর জটিলতা দেখা দিয়েছে।
প্রতিদিন গড়ে ১০ থেকে ১১ ধরনের ওষুধ সেবন করতে হয় তাকে। শারীরিক অবস্থার কারণে কখনো কখনো স্বাভাবিকভাবে চলাফেরা করা কিংবা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তবে তিনি শয্যাশায়ী নন বলে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করেছেন। অসুস্থতার মধ্যেও নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
ফেসবুক লাইভে নিজের অসুস্থতার কথাও জানান জুয়েল রানার স্ত্রী নিশা। তিনি ক্যান্সারে আক্রান্ত। স্বামীর অসুস্থতা প্রসঙ্গে নিশা বলেন, ‘একবেলা ভাত না হলেও আমাদের জীবন যায়। কিন্তু মেডিসিন না হলে আমাদের জীবন আসলে যায় না।’
এমন কঠিন পরিস্থিতিতেও তাদের কথায় কোনো অভিযোগের সুর নেই। বরং দুজন একে অপরকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছেন। পাশাপাশি সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন তারা।
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর শেষ করে জুয়েল রানা প্রথমে আইন পেশায় যুক্ত হন। তবে নিরাপদ ও বাঁধাধরা পেশা ছেড়ে পরে কনটেন্ট নির্মাণে মনোযোগী হন। গড়ে তোলেন ‘চিত্ত মিডিয়া’।
বাংলা সাহিত্য, কবিতা ও জীবনবোধের সমন্বয়ে গ্রামবাংলার প্রকৃতি এবং সাধারণ মানুষের জীবনসংগ্রামের গল্প তুলে ধরে কোটি দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি। স্ত্রী নিশার সঙ্গে প্রায় আট বছরের দাম্পত্য জীবনে তাদের এক কন্যাসন্তান রয়েছে।
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাতের সুযোগ হয় জুয়েল রানার। ওই সাক্ষাতে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় তার সঙ্গে কথা বলেন এবং প্রকৃতি নিয়ে কনটেন্ট নির্মাণ চালিয়ে যাওয়ার উৎসাহ দেন।
সে সময় দেশের কৃষি, কৃষকের জীবনমান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের সমস্যা এবং নিজের জেলা ঝিনাইদহের উন্নয়নে রেললাইন, কৃষি বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্যসেবার বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন তিনি।
জুয়েল রানার কিডনি জটিলতা থেকে মুক্তি এবং তার স্ত্রী নিশার ক্যান্সারমুক্ত সুস্থ জীবন ফিরে পাওয়ার জন্য দোয়া করছেন শুভাকাঙ্ক্ষীরা।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





