জনগণ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না: আইনমন্ত্রী
বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, যারা মনে করছেন বোমা হামলা ও সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব, তারা এখনো দেশের মানুষকে চিনতে পারেননি।
তিনি জানান, বোমা হামলার ঘটনায় জড়িত অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশের মানুষও দেখছে।
আইনমন্ত্রী বলেন, গত প্রায় নয় মাসে দেশে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশের বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগিয়ে যেতে চায়। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। সব অপশক্তির বিরুদ্ধে সরকার সক্রিয় রয়েছে।
সাংবাদিকতার প্রতি মানুষের আস্থার কথা উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হয়। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে। পাশাপাশি অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সরকারের কোনো ভুল বা নেতিবাচক কর্মকাণ্ড থাকলে তা সংবাদমাধ্যমে তুলে ধরার কথাও বলেন আইনমন্ত্রী। একই সঙ্গে সরকারের ভালো কাজ এবং মানুষের অধিকার নিশ্চিত করতে নেওয়া উদ্যোগগুলোও তুলে ধরতে হবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। এ সময় ফোরামের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





