গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু
ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরে দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন।
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সংসদ সদস্যের গাড়িবহরসহ ১০টি যানবাহনের সংঘর্ষে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশ সূত্রে জানা গেছে, তিনি অক্ষত রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একে একে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।
ঢাকা থেকে নির্বাচনী এলাকায় যাওয়ার পথে মুকসুদপুরে প্রবেশের সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরও দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত থাকেন।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হন মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





