মূল অংশে যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

শ্রমিক মৃত্যুর খবর ছড়িয়ে গাজীপুরে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ · আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
শ্রমিক মৃত্যুর খবর ছড়িয়ে গাজীপুরে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার সকালে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতির কারণে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।

বৃহস্পতিবার আহত এক শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাঁরা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, একজন শ্রমিকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। তবে তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন।

তিনি আরও জানান, শ্রমিকের মৃত্যুর খবরের সত্যতা এবং বৃহস্পতিবারের ঘটনায় আহত শ্রমিকদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz