মূল অংশে যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ · ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

২২০ মিটার কাছে গিয়েও হাতছাড়া আসিফ নজরুলের ছিনতাই হওয়া ফোন

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ · আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ৮:২০ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
২২০ মিটার কাছে গিয়েও হাতছাড়া আসিফ নজরুলের ছিনতাই হওয়া ফোন
ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রাজধানীর মিরপুরে ফোনটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে মাত্র ২২০ মিটার দূরে পৌঁছেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তবে ঠিক সেই সময় আসিফ নজরুল আগের সিমটি উত্তোলন করায় ছিনতাই হওয়া ফোনে থাকা পুরোনো সিমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে ফোনটির সঙ্গে ট্র্যাকিং সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

অভিযানের বর্ণনায় তিনি জানান, বুধবার গাড়ির খোলা জানালা দিয়ে ফোনটি ছিনতাই হওয়ার পর বৃহস্পতিবার সকালেও সেটি সচল ছিল। প্রযুক্তির সহায়তায় ফোনটির অবস্থান শনাক্ত করে মিরপুরে মাত্র ২২০ মিটার দূরত্বে পৌঁছেছিল এসআরবির দল। ফোনটি উদ্ধারে চূড়ান্ত চেষ্টা চলার সময় আগের সিমটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের সঙ্গে ফোনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিকল্প উপায়ে ফোনটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ধানমন্ডি থেকে নিউমার্কেট এলাকায় যাওয়ার পথে সোবহানবাগ সংলগ্ন সড়কে যানজটের মধ্যে চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে আসিফ নজরুলের আইফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী।

এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলার তদন্তে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবি যৌথভাবে কাজ করছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইফোনের নিরাপত্তাব্যবস্থা ও কারিগরি জটিলতার কারণে ফোনটি উদ্ধার করতে কিছুটা সময় লাগতে পারে। এ ছাড়া সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রগুলো দামি স্মার্টফোন ছিনতাইয়ের পরপরই সেগুলোর যন্ত্রাংশ খুলে আলাদা করে ফেলে। ফলে ফোন অক্ষত অবস্থায় উদ্ধার করা কঠিন হয়ে পড়ে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিরক্তি প্রকাশ করে আসিফ নজরুল জানান, গাড়ির জানালা খোলা থাকায় এক সেকেন্ডের মধ্যেই এক তরুণ তাঁর ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি ওই নম্বর থেকে কেউ টাকা চাইলে বা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি সড়কে একই কায়দায় তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তাঁর ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার প্রায় দেড় মাস পর, ১৯ জুলাই অন্য একটি ছিনতাই মামলার তদন্ত করতে গিয়ে উদ্ধার করা চোরাই ফোনগুলোর মধ্যে মন্ত্রীর ফোনটিও খুঁজে পায় পুলিশ।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz