মূল অংশে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ · আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল
ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষা বিস্তার ও উন্নয়নে বিশেষ অবদান থাকলে সরকার এ শর্ত শিথিল করতে পারবে।

সোমবার (২৪ নভেম্বর) এ বিষয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা-সহ দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনে এ নির্দেশনা কার্যকর হবে।

গভর্নিং বডির সভাপতি মনোনয়ন

গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্তসহ প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাবেন। মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে এ প্রস্তাব পাঠাতে হবে।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে তিনজনের নাম প্রস্তাব করা যাবে। তাঁদের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন

ম্যানেজিং কমিটির সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচন করা হবে। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য নির্ধারিত শ্রেণির ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে।

বেসরকারি শিক্ষাব্যবস্থায় স্কুলের পরিচালনা পর্ষদকে ম্যানেজিং কমিটি এবং কলেজের পরিচালনা পর্ষদকে গভর্নিং বডি বলা হয়।

কমিটিতে বাধ্যতামূলক নারী প্রতিনিধি

পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন দিতে হবে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকতে হবে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এ মনোনয়ন নিশ্চিত করবেন।

কমিটি গঠনের অন্যান্য ক্ষেত্রে ২০২৪ সালের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিসংক্রান্ত প্রবিধানমালার নির্দেশনা অনুসরণ করতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১০ মার্চ ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে ন্যূনতম স্নাতক পাসের নিয়ম বাতিলের পরিকল্পনা করেছিল সরকার। বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে নতুন পরিপত্র জারির মাধ্যমে এ সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এলো সরকার।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz