রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল
রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রাইভেট কার ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটিকে ডাকাতির ঘটনা বলে দাবি করা হয়। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সেখানে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। ভিডিওটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে একটি চেকপোস্টে প্রাইভেট কার থামানোর চেষ্টা করছেন কয়েকজন যুবক। গাড়িটি না থামানোয় তারা লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে গাড়িটি চেকপোস্টের ব্যারিকেডে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে চলে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ৩০০ ফুট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। তবে ভিডিওটি গত ১৮ নভেম্বর রাত ১১টা ৫৪ মিনিটের বলে জানা গেছে। ঘটনাটি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে, যা ৩০০ ফুট সড়ক নামে পরিচিত।
ডিএমপি জানায়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আগের দিন রাতে ঘটে। ওই দিন রূপগঞ্জ থানার নীলা মার্কেট-সংলগ্ন এক্সপ্রেসওয়ে চত্বর এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। লকডাউন কর্মসূচিতে নাশকতা প্রতিরোধে ঘটনাস্থলের কাছেই রূপগঞ্জ থানা ছাত্রদল ও যুবদলের ৫০ থেকে ১০০ নেতা-কর্মী অবস্থান করছিলেন। তারা নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর অনুসারী। সেখানে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) শিবলু ভূঁইয়াও উপস্থিত ছিলেন।
পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা একটি প্রাইভেট কার শনাক্ত করেন। পরে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে গাড়িটিকে ধাওয়া করেন তাঁরা। গাড়িটি দ্রুতগতিতে ঢাকার দিকে চলে যায়। একপর্যায়ে খিলক্ষেত থানার মস্তুল চেকপোস্টে পৌঁছালে গাড়িটির গতি কমে আসে। তখন মোটরসাইকেলে থাকা নেতা-কর্মীরা গাড়িটি ভাঙচুর করেন। পরে গাড়িটি চেকপোস্টের ব্যারিকেডে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেটিকে আর আটক করা সম্ভব হয়নি।
শিবলু ভূঁইয়া জানান, গাড়িটি থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার পর তিনি পূর্বাচল পুলিশ ফাঁড়ির এক সদস্যের সহায়তায় মস্তুল চেকপোস্টে খবর পাঠান। পুলিশ গাড়িটি থামানোর সংকেত দিলেও সেটি না থামায় নেতা-কর্মীরা ধাওয়া করে ভাঙচুর করেন। তাঁর দাবি, ঘটনাটিকে ডাকাতি বলে প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি কয়েক দিন আগের। ভিন্ন একটি ঘটনাকে ডাকাতি বলে প্রচার করা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





