মূল অংশে যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ · ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সরকারের সায় নেই

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ · আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সরকারের সায় নেই
ছবি: অলটাইম নিউজ ডটকম

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে পৃথকভাবে বৈঠক না করে সব দলকে নিয়ে একসঙ্গে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি। তবে সরকারের পক্ষ থেকে এখনো সর্বদলীয় সংলাপের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে সর্বদলীয় সংলাপের প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তবে এর মধ্যে সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। জামায়াতের সঙ্গে বৈঠকের বিষয়টিও আলোচনায় রয়েছে।

জামায়াতের নেতারা বলছেন, শুধু নিষিদ্ধ আওয়ামী লীগবিরোধী অবস্থান বা রাজনৈতিক সৌজন্যের আলোচনায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর সম্মিলিত মতামত প্রয়োজন। তবে একক বৈঠকেও তাদের আপত্তি নেই।

জামায়াতের মুখপাত্র ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এশিয়া পোস্টকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমাদের পরামর্শ ছিল যেন জুলাইয়ের সবগুলো দলকে একসঙ্গে ডাকা হয়। এখন আলাদা আলাদা করে ডাকবে মনে হচ্ছে। এক্ষেত্রে আমাদের অবস্থান কী হবে, তা আমরা আলোচনা করে নির্ধারণ করব।’

সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো জামায়াতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, ‘সরকারের পক্ষ থেকে না জানানো পর্যন্ত কিছু বলতে পারছি না। সরকার সর্বদলীয় সংলাপ করবে নাকি এককভাবে করবে, সে ব্যাপারে কিছু জানায়নি।’

জামায়াতের নেতারা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানাবে দলটি। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াত দাবি জানাবে, জুলাই সনদ নিয়ে গণভোটের রায় মেনে নিতে হবে। এটা বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। ফলে এ ব্যাপারে আমরা ছাড় দেব না।’

জামায়াতের নেতাদের দাবি, গণভোটে ৭০ শতাংশ ভোটারের মতামতকে কোনো রাজনৈতিক দলের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা বা নোট অব ডিসেন্টের মাধ্যমে উপেক্ষা করা যায় না। তাদের মতে, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য কার্যকর হবে না।

এদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চার দিনের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন। দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৭ বা ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া যায়নি।

ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটলের জন্য সরকারের অবস্থানকেও দায়ী করেছেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, সরকারের প্রধান ও মন্ত্রিসভার কয়েকজন সদস্যের বক্তব্যে দায়িত্বশীলতার ঘাটতি রয়েছে বলে তারা মনে করেন। এ অবস্থানের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ৪০ দিনের কর্মসূচি পালন করছে।

গত ২১ নভেম্বর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ, বিক্ষোভ, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‌্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প। এ ছাড়া ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও নারীদের নিয়েও পৃথক কর্মসূচি পালন করবে দলটি।

এর আগে গত ১৯ নভেম্বর বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz