প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে সংসদীয় কমিটির একাধিক সুপারিশ
প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে সংসদীয় কমিটির একাধিক সুপারিশ
প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠকে আগের সভার সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, চলমান উপানুষ্ঠানিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম এবং পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে আলোচনা করে কমিটির সদস্যরা বিভিন্ন সুপারিশ দেন।
প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ক্ষেত্রে কোনো অঞ্চলের সব বিদ্যালয়কে যেন কর্মসূচির আওতায় আনা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি। প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রতিটি বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের পরামর্শও দেওয়া হয়।
বৈঠকে দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সুপারিশ করা হয়। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগ বাড়ানো এবং শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেয় কমিটি।
শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি এমনভাবে পরিচালনার পরামর্শ দেওয়া হয়, যাতে শিক্ষার্থীদের বিদ্যালয়ের বাইরে প্রাইভেট বা কোচিংয়ের ওপর নির্ভর করতে না হয়। এ ছাড়া প্রাথমিক শিক্ষকদের নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির কাছে উপস্থাপনের সুপারিশও করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী এবং মাহফুজা হান্নান উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
৩১ মিনিট আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





