আমির হামজাকে ঘিরে ধারাবাহিক তৎপরতা, সামনে আসছে নানা প্রশ্ন
ব্যানারে মুফতি আমির হামজার ছবি। তাঁকে ঘিরে নানা অভিযোগের প্রতিবাদে কুষ্টিয়ায় আয়োজন করা হয়েছে বিক্ষোভ কর্মসূচি। কিন্তু সেখানে অংশ নেওয়া কয়েকজন নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে জানান, তাঁরা এসেছেন শেখ হাসিনার বিচারের দাবিতে। আমির হামজার বিরুদ্ধে কেন কর্মসূচি হচ্ছে, সে বিষয়ে তাঁদের স্পষ্ট ধারণা নেই। এমনকি তাঁর বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগও নেই বলে জানান তাঁরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। একজন সংসদ সদস্যের পদত্যাগ ও বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের এমন বক্তব্য আয়োজনের প্রস্তুতি ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় থেকে ‘কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন অংশগ্রহণকারীরা। কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। এসময় আমির হামজার বিরুদ্ধে ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী, লম্পট’—এমন স্লোগান লেখা ব্যানার প্রদর্শন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া নারীদের এক সাংবাদিক প্রশ্ন করেন, তারা কার বিরুদ্ধে আন্দোলন করতে এসেছেন। জবাবে তারা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে এসেছেন। তখন সাংবাদিক তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ব্যানারে তো শেখ হাসিনার ছবি নেই; বরং মুফতি আমির হামজার ছবি রয়েছে এবং তার বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগ লেখা হয়েছে।”
এ সময় ওই নারীরা জানান, তারা বিষয়টি জানেন না। মুফতি আমির হামজার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই এবং তারা তার বিরুদ্ধে আন্দোলন করতেও আসেননি।
আরেকটি গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একজন নারী বলছেন, ‘আমাদের পৌরসভায় যাওয়ার কথা বলে নিয়ে আসা হয়েছে’। আরেকজন বৃদ্ধ নারী বলেন ‘ব্যাটা আমাদের তো এইসব কথা বলে নিয়ে আসেনি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন অংশগ্রহণকারীর বক্তব্য কর্মসূচির ঘোষিত উদ্দেশ্যের সঙ্গে মেলেনি। এ কারণে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের প্রস্তুতি এবং আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজে শেয়ার করেছেন মুফতি আমীর হামজা লিখেছেন, ‘আমার বিরুদ্ধে মানববন্ধন করতে হলেও এখন ভাড়া করে লোক আনতে হয়—বুঝতেই পারছি, জনপ্রিয়তার পাল্লাটা কোন দিকে ভারী! তবে মনে রাখবেন, ভাড়া করা হাত দিয়ে ব্যানার ধরা যায়, মানুষের ভালোবাসা অর্জন করা যায় না।’
এই কর্মসূচির কয়েক দিন আগে থেকেই আমির হামজাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক চলছিল। গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার নারীসংক্রান্ত কিছু অডিও ও ভিডিও তাঁর কাছে এসেছে। পরদিন ৬ নভেম্বর তিনি ৫৫ সেকেন্ডের একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। সেটিকে আমির হামজার কথোপকথন বলে দাবি করেন তিনি। প্রকাশিত অডিওতে এক ব্যক্তিকে অনুতপ্ত হওয়ার কথা বলতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ক্ষমা চাইতে যাওয়ার কথা বলতে শোনা যায়।
রাশেদ খানের দাবি, অডিও-ভিডিওগুলো যাচাই করে তিনি তথ্যের সত্যতা পেয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া ক্যাম্পাসের দুজন শিক্ষার্থীর মাধ্যমে এসব উপাদান তাঁর কাছে আসে। তিনি দ্য ডিসেন্ট ও রিউমর স্ক্যানারের সঙ্গেও যোগাযোগ করেছিলেন বলে সংবাদমাধ্যমকে জানান।
অডিও প্রকাশের পর এর সত্যতা নিয়ে আলোচনা শুরু হয়। ১০ নভেম্বর ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট জানায়, অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ তাদের অনুসন্ধানে পাওয়া যায়নি। তবে অডিওতে থাকা কথোপকথনের সত্যতা, প্রেক্ষাপট কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানটি সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ারও চেষ্টা করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অর্থাৎ অডিওতে এআই ব্যবহারের প্রমাণ না পাওয়া গেলেও সেটি যে আমির হামজারই কণ্ঠ কিংবা কথোপকথনটি যে দাবিকৃত ঘটনার সঙ্গে সম্পর্কিত, তা প্রমাণিত হয়নি।
অডিও প্রকাশের পর রাশেদ খাঁন একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিওবার্তায় আমির হামজার বিরুদ্ধে অভিযোগ তোলেন। ১০ নভেম্বর প্রকাশিত এক ভিডিওতে তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
রাশেদের দাবি, আমির হামজাকে ঘিরে অভিযোগ সম্পর্কে জামায়াতের শীর্ষ নেতৃত্ব আগে থেকেই অবগত ছিল। বিষয়টি নিয়ে দলের ভেতরে আলোচনা হয়েছিল বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে অভিযোগের বিষয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করা এবং আমির হামজার পদত্যাগ দাবি করেন।
ওই ভিডিওতে রাশেদ বলেন, অভিযোগ প্রমাণিত হলে শরিয়াহ আইন অনুযায়ী আমির হামজার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একপর্যায়ে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের কথাও উল্লেখ করেন তিনি। জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাঁকে লক্ষ্য করে প্রায় ২০০টি ভিডিও তৈরি করেছেন বলেও দাবি করেন রাশেদ।
আমির হামজার পাল্টা বক্তব্য
রাশেদ খাঁনের অভিযোগের পর বগুড়ার একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেন আমির হামজা। সেখানে তিনি এসব অভিযোগকে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। রাশেদ খাঁনকে উদ্দেশ করে কটাক্ষমূলক বক্তব্যও দেন।
আমির হামজা প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে দাবি করেন, অতীতেও আলেমদের কণ্ঠ নকল করে তাঁদের সম্মানহানির চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময় রিমান্ডে থাকাকালে তাঁকে সাঈদীর কণ্ঠের মতো শোনানো একটি অডিও শোনানো হয়েছিল বলেও জানান তিনি।
বর্তমান বিতর্কের পেছনে ভারতের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন আমির হামজা। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
এ ছাড়া বিএনপি নেতা ও তাঁতী দলের কেন্দ্রীয় নেতা কাজী মনিরুজ্জামান মনিরও আমির হামজাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন। গণমাধ্যমে প্রকাশিত বেশকিছু ভিডিওতে তা দেখা গেছে।
একই ব্যক্তিকে ঘিরে ধারাবাহিক তৎপরতা
ঘটনাগুলো পাশাপাশি রাখলে দেখা যায়, কয়েক দিনের ব্যবধানে আমির হামজাকে ঘিরে একাধিক ঘটনা সামনে এসেছে। প্রথমে কথিত অডিও-ভিডিও প্রকাশের দাবি, এরপর রাজনৈতিক নেতাদের বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি প্রচার এবং সর্বশেষ মানববন্ধন। প্রতিটি ঘটনায় আমির হামজা আলোচনার কেন্দ্রে থাকলেও অভিযোগগুলোর সত্যতা ও বিভিন্ন কর্মসূচির পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
বিশেষ করে কুষ্টিয়ার মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন নারীর বক্তব্য কর্মসূচির প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যাঁর বিরুদ্ধে বিচারের দাবি, তাঁর বিষয়ে অংশগ্রহণকারীদের একাংশের ধারণা না থাকার বিষয়টি স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে। তবে এ ঘটনা দিয়ে পুরো কর্মসূচির পেছনে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পরিকল্পনা বা অর্থায়ন ছিল, তা নিশ্চিতভাবে বলা যায় না।
সব মিলিয়ে আমির হামজার বিরুদ্ধে অভিযোগ তোলা, তাঁকে নিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া এবং প্রতিবাদ কর্মসূচি আয়োজনের ধারাবাহিকতা একটি বিষয় সামনে এনেছে—তাঁকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমের তৎপরতা ক্রমেই বিস্তৃত হচ্ছে। এই তৎপরতার পেছনে কারা রয়েছেন, অভিযোগগুলোর প্রকৃত ভিত্তি কী এবং প্রতিবাদ কর্মসূচিগুলো কতটা স্বতঃস্ফূর্ত—এসব প্রশ্নের উত্তর পেতে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য এবং প্রকাশিত অডিও-ভিডিওর পূর্ণাঙ্গ প্রেক্ষাপট।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





