মূল অংশে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

ফের অস্থিরতার চেষ্টা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ · আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ · ৪ মিনিটে পড়ুন
ফের অস্থিরতার চেষ্টা
ছবি: সংগৃহীত

পোশাক শিল্পে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গতকাল বুধবার গাজীপুর, সাভার ও আশুলিয়ায় নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে। কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। কাশিমপুরে তিন নারী শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। তবে তা অস্বীকার করেছে পুলিশ।

এদিকে, সাভার ও আশুলিয়ার ৫০ থেকে ৬০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি দায়িত্ব পালন করছেন চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় উৎপাদন ও রপ্তানি আদেশ নিয়ে উদ্বেগ বাড়ছে।

গাজীপুরে বিক্ষোভ, তিন নারী শ্রমিক গুলিবিদ্ধ

গাজীপুর প্রতিবেদক জানান, গতকাল সকালে রাজেন্দ্রপুরের বাংলাবাজার ও কাশিমপুরের সারদাগঞ্জে শ্রমিকেরা বিক্ষোভের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। পরে সংশ্লিষ্ট কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান জানান, বাংলাবাজার ও সারদাগঞ্জে শ্রমিকেরা রাস্তায় নামলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। পরে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। ওই দুই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আন্দোলনকারী শ্রমিকদের দাবি, বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে তিন নারী শ্রমিক গুলিবিদ্ধ হন। তারা হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পুলিশের গুলিতে শ্রমিক আহত হওয়ার দাবি অস্বীকার করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

আশুলিয়া ও হেমায়েতপুরে ধাওয়া-পাল্টাধাওয়া

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক জানান, গতকাল সকাল থেকে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ পরিস্থিতিতে সাভার ও আশুলিয়ার ৫০ থেকে ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি দায়িত্ব পালন করেন চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অন্যদিকে, সাভারের হেমায়েতপুরেও শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে বেরিয়ে বাগবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের একটি কারখানার সামনে বিক্ষোভ করেন। পুলিশ তাদের সরে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ ও এপিসির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে”।

হেমায়েতপুর পদ্মার মোড় এলাকার পরিস্থিতি সম্পর্কে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, “সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। মাঝখানে দুয়েকটি কারখানায় বহিরাগতরা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করে। তিনি অভিযোগ করেন, মজুরি বোর্ড গঠনের পরও তৃতীয় একটি পক্ষ শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে”।

তবে আন্দোলনে তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু। তিনি বলেন, “শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকার পরও বহিরাগতরা কীভাবে প্রবেশ করল?”

মজুরি বোর্ড গঠন হলেও অসন্তোষ অব্যাহত

গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড গঠন করে। তবে বোর্ড গঠনের পরও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। পুলিশ অস্থিরতার জন্য তৃতীয় পক্ষকে দায়ী করলেও শ্রমিকদের দাবি, তারা নিজেরাই আন্দোলন করছেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, “শ্রমিকদের মূল দাবি ছিল ন্যূনতম মজুরি ঘোষণা, মজুরি বোর্ড গঠন নয়”।

তিনি বলেন, “গত দুই-তিন বছরে অনেক কারখানা বন্ধ হওয়ায় বহু শ্রমিক চাকরি হারিয়েছেন। তাদের কেউ রিকশা চালানোসহ বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন। কর্মরত শ্রমিকদের আন্দোলন শুরু হলে চাকরিচ্যুত এসব শ্রমিক নিজেদের ক্ষোভ থেকে তাতে যোগ দেন”।

অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের উদ্যোগ মালিকদের

টানা প্রায় দুই সপ্তাহের বিক্ষোভের পর নতুন করে সহিংসতা দেখা দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের অনুমোদন দিতে বিজিএমইএর ওপর চাপ বাড়ছে। উৎপাদন সচল রাখতে সরকারের আহ্বান সত্ত্বেও যেসব কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন না, সেসব ইউনিটে শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগের কথা ভাবছেন মালিকেরা। এ ধারায় শ্রমিকেরা কাজে যোগ না দিলে মজুরি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সুযোগ রয়েছে। এ ধারায় ইতোমধ্যে নিউ এজ অ্যাপারেলস, নিউ এজ গার্মেন্ট ও কাইলক নিউ এজ বিডি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

বাতিল হচ্ছে ক্রেতাদের ক্রয়াদেশ

চলমান অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে রপ্তানি আদেশে। আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো ইতোমধ্যে ক্রয়াদেশ ভারতের মতো বিকল্প উৎপাদন কেন্দ্রগুলোতে সরিয়ে নিচ্ছে। বার্ষিক প্রায় ৩৫০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানিকারক একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের একজন কর্ণধার জানান, চলমান অস্থিরতার কারণে ব্রিটিশ রিটেইলার মার্কস অ্যান্ড স্পেনসার সম্প্রতি বিশেষায়িত কটন ট্রাউজারের একটি বড় ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিয়েছে।

সুইডেনভিত্তিক একটি বড় পোশাক ব্র্যান্ডের ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টরও এ ঝুঁকির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “অসন্তোষ দ্রুত সমাধান করা না গেলে আগামী দুই মাসে বাংলাদেশ থেকে তাদের ক্রয়াদেশের পরিমাণ ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া হতে পারে”।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz