হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ছাত্রশক্তির
ঢাবি প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান চালানোর দাবি জানিয়েছে তারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌলভীবাজারে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হাসিব আল ইসলামের ওপর হামলা চালিয়েছেন। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সংগঠনটির দাবি, হাসিবের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দেশব্যাপী সংঘবদ্ধ হামলা ও তৎপরতা অব্যাহত রয়েছে। হাসিবের ওপর হামলা, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা একই ষড়যন্ত্রের অংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে পুনরায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধ এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার এড়াতে পারে না।
এ পরিস্থিতিতে তিন দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। দাবিগুলো হলো—হাসিব আল ইসলামের ওপর হামলাকারীসহ গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের মুখোমুখি করা; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশব্যাপী চিরুনি অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





