‘বড় ছাড়ে’ থার্ড টার্মিনাল পাচ্ছে জাপান
জাপানি কনসোর্টিয়ামের ওঅ্যান্ডএম প্রস্তাব বেবিচকের বোর্ড সভায় অনুমোদন, মন্ত্রণালয় অনুমোদন দিলেই চুক্তি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ সংক্রান্ত অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ। এখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই চুক্তি সম্পাদনের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
তবে জাপানি কনসোর্টিয়ামকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সরকারের দেওয়া বিভিন্ন ছাড় ও শর্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এসব শর্তের কারণে দেশের বিমান চলাচল খাত এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনস আর্থিক ও পরিচালনাগতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
বেবিচক সূত্রে জানা গেছে, জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবে চারটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। এর মধ্যে রয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব ও ঝুঁকি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওপর রাখা, রাজস্ব ভাগাভাগিতে ছাড়, বিশেষ আইনি সুরক্ষা এবং প্রকল্পের ত্রুটি সংশোধনের দায়সংক্রান্ত সময়সীমা।
পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী, বিদেশি পক্ষের বাংলাদেশকে ২৭ শতাংশ রাজস্ব দেওয়ার কথা থাকলেও অপারেশনাল প্রস্তুতির আট মাসের জন্য মাত্র সাড়ে ১৩ শতাংশ রাজস্ব দেওয়ার প্রস্তাব করেছে জাপানি পক্ষ। পাশাপাশি বাংলাদেশের প্রচলিত আইন পরিবর্তন হলেও তা যেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য না হয়, এমন বিশেষ আইনি সুবিধাও চাওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার শর্তেও সম্মত হয়েছে বেবিচক। একই সঙ্গে শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করার শর্ত রয়েছে।
এসব শর্ত নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনাল বন্ধ রাখলে সেগুলোর অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য, এসব শর্ত দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর মতে, বেবিচকের জনবল ও সাংগঠনিক সক্ষমতা বাড়িয়ে নিজেরাই টার্মিনাল পরিচালনা করলে রাষ্ট্রীয়ভাবে বেশি রাজস্ব আয় করা সম্ভব হতো।
বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। তবে বাস্তবে এই দুই টার্মিনাল ব্যবহার করে বছরে ১ কোটি ২৬ লাখের বেশি যাত্রী যাতায়াত করছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি হবে।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। অন্যদিকে, টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর থার্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর এর আংশিক উদ্বোধন করা হয়। শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে কয়েক দফা সংশোধনের মাধ্যমে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকা।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz






