অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করলেন কাব্য মারান
আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বসছে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা।
জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ১০ নভেম্বর তাদের বাগদান সম্পন্ন হয়। পরদিন ১১ নভেম্বর গ্রিসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।
বিয়েতে বিনোদন, রাজনীতি ও ব্যবসায়িক জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এরই মধ্যে আইভরি রঙের বারোক থিমে সাজানো একটি রিসেপশনের আমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে নবদম্পতির জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।
‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানটি অনিরুদ্ধের সংগীতজীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। গানটির মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে ভারতজুড়ে পরিচিতি পান তিনি। এরপর তামিল, তেলুগু ও হিন্দি সিনেমায় একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে দেশের অন্যতম চাহিদাসম্পন্ন সংগীত পরিচালক হয়ে ওঠেন।
পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, অনিরুদ্ধের বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ কোটি রুপি। চলচ্চিত্রে সংগীত পরিচালনার পারিশ্রমিক তার আয়ের বড় উৎস। বর্তমানে প্রতি সিনেমার জন্য সাধারণত ৮ থেকে ১০ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। কিছু প্রকল্পে এই অঙ্ক ১০ থেকে ১২ কোটি রুপিতেও পৌঁছেছে। পরিচালক লোকেশ কানাগরাজ ও অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে তার আসন্ন বড় প্রকল্পে কাজের জন্য প্রায় ২৫ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।
অনিরুদ্ধের সংগ্রহে রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। এর মধ্যে উল্লেখযোগ্য পোরশে ম্যাকান। ২০২৩ সালে ‘জেলার’ সিনেমার সাফল্যের পর কাব্যের বাবা কালানিথি মারান তাকে প্রায় ১ কোটি ১০ লাখ রুপি মূল্যের গাড়িটি উপহার দিয়েছিলেন। এ ছাড়া তার গাড়ির সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ আইএক্স১ এলডব্লিউবি, মহিন্দ্রা বিই ৬ ও ফোর্ড মুস্তাং জিটি।
সংগীতের পাশাপাশি ব্যবসায়ও যুক্ত হয়েছেন অনিরুদ্ধ। ২০২৪ সালে দক্ষিণ ভারতীয় ফিল্টার কফি ও স্ন্যাকস ব্র্যান্ড ‘ভিএস মনি অ্যান্ড কো’-এর সহপ্রতিষ্ঠাতা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন তিনি। মানি কন্ট্রোলের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে তার অংশীদারত্বও রয়েছে।
অন্যদিকে কাব্য মারান সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারানের মেয়ে। তিনি বর্তমানে সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এবং আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহ-মালিক। ইটাইমসের হিসাব অনুযায়ী, কাব্যের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপি।
যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেন কাব্য। ২০১৯ সালে সান টিভি নেটওয়ার্কে নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন তিনি। এর আগে ২০১৭ সালে তার বাবা আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ কেনার পর থেকেই দলটির কার্যক্রমে যুক্ত হন কাব্য। বর্তমানে পরিবারের বৃহত্তর ব্যবসায়িক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।
কাব্যের ব্যক্তিগত সম্পদের তুলনায় তার বাবা কালানিথি মারানের সম্পদ অনেক বেশি। তিনি ভারতের অন্যতম ধনী মিডিয়া উদ্যোক্তা। হুরুন রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, প্রায় ২৪ হাজার ৬০০ কোটি রুপি সম্পদ নিয়ে তালিকায় ১৪৬তম স্থানে রয়েছেন তিনি। বিনোদন জগতে তার চেয়ে বেশি সম্পদের মালিক হিসেবে রয়েছেন কেবল টি-সিরিজের মালিক ভূষণ কুমার। তার সম্পদের পরিমাণ প্রায় ৩৬ হাজার ৩০০ কোটি রুপি।
ফোর্বসের এক প্রতিবেদন অনুযায়ী, কালানিথি মারানের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার ৭২৫ কোটি রুপি। অনিরুদ্ধ ও কাব্যের বিয়ে এবং আসন্ন সংবর্ধনা ঘিরে দক্ষিণ ভারতীয় বিনোদনজগতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz






