পুলিশ ক্যাম্পের সামনেই আ.লীগের ঝটিকা মিছিল, জানত না পুলিশ
গাজীপুরে পুলিশ ক্যাম্পের প্রধান ফটকের সামনেই ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর পুলিশ ক্যাম্পের সামনে স্লোগান ও শোডাউন শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। তবে ক্যাম্পের সামনে এমন মিছিল হলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেনি পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে গাজীপুর ও আশুলিয়া সীমান্তবর্তী কবিরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রের দাবি, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেলের নির্দেশনায় মিছিলটি বের করা হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা পুলিশ ক্যাম্পের প্রধান ফটক ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেন। পরে দ্রুত সেখান থেকে সরে যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ করেই এলাকায় অনেক মানুষের সমাগম ঘটে। পূর্বপরিকল্পনা অনুযায়ী নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে মিছিল বের করেন। তবে ঘটনাস্থলের কাছেই পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও মিছিলটি পুলিশ সদস্যদের নজরে আসেনি বলে জানান তারা।
এ বিষয়ে কবিরপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, তার চাচির মৃত্যু হওয়ায় তিনি ছুটিতে ক্যাম্পের বাইরে ছিলেন। মিছিলের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামও মিছিলের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





