মূল অংশে যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ · ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
রাজনীতি

গোপালগঞ্জে যাওয়ার প্রস্তুতি পিরোজপুর ছাত্রদলের, অপেক্ষা কেন্দ্রীয় নির্দেশনার

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ · আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
গোপালগঞ্জে যাওয়ার প্রস্তুতি পিরোজপুর ছাত্রদলের, অপেক্ষা কেন্দ্রীয় নির্দেশনার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ছাত্রদল নেতা মো. সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে পিরোজপুর জেলা ছাত্রদলের মধ্যে। এ ঘটনায় হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা। তবে এ জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা।

জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জে নির্যাতনের শিকার সাব্বির খান রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান। পরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় হাসপাতালে উপস্থিত জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি আহত নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

ভিডিও কলের সময় পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কেন্দ্রীয় সভাপতিকে বলেন, ‘ভাইয়া, আপনি আমাদের ক্যাপ্টেন, আমাদের অভিভাবক। আপনার নির্দেশনা পেলেই আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জীবনের ভয় করি না, শুধু আপনার নির্দেশনার অপেক্ষায় রয়েছি।’

তিনি আরও বলেন, কিছুদিন আগেও নাজিরপুরের টুঙ্গিপাড়া সীমান্তবর্তী মালিখালী ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা। কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলে যেকোনো কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুত জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় যেকোনো জায়গায় যেতে প্রস্তুত থাকার কথা জানান। তিনি বলেন, ‘বিগত দিনে নেতৃত্বের নির্দেশনায় রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। আপনার নেতৃত্বে আমরা যেকোনো জায়গায় যেতে প্রস্তুত।’

জবাবে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ‘তোমরা আইন নিজের হাতে তুলে নেবে না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে। প্রত্যেকের বিচার হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেখানেই দেখবে, আইনের হাতে তুলে দেবে। আমরা ছাত্রদল, আইন নিজের হাতে তুলে নেব না।’

তিনি আরও বলেন, গোপালগঞ্জের সবাই তাদের প্রতিপক্ষ নন; তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে। আহত সাব্বিরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে সুস্থ হয়ে ওঠার পর তার পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় সভাপতি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz