মূল অংশে যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ · ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
বিনোদন

নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ ভারতে নিষিদ্ধের দাবি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ · আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ ভারতে নিষিদ্ধের দাবি
ছবি: সংগৃহীত

ভারতে নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ প্রচার বন্ধের দাবি জানিয়েছে দেশটির চলচ্চিত্রকর্মীদের সংগঠন অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটি পাকিস্তানের সব ধরনের কনটেন্ট ভারতে প্রদর্শন নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছে।

ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের উর্দু ভাষার সিরিজ ‘যো বাচে হ্যায় সং সামেত লো’ আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা। সিরিজটিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, সানাম সাঈদ ও মাহিরা খানসহ পাকিস্তানের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী।

পাকিস্তানি লেখিকা ফারহাত ইশতিয়াকের উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটিকে ছয়টি দম্পতির ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প হিসেবে বর্ণনা করেছে নেটফ্লিক্স।

‘ভারতের পর্দায় পাকিস্তানি মুখ, কণ্ঠস্বর বা গল্পের স্থান নেই’

সিরিজটির প্রচার শুরুর আগেই তা ভারতে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এআইসিডব্লিউএ। মঙ্গলবার গভীর রাতে প্রধানমন্ত্রী মোদিকে পাঠানো চিঠিতে সংগঠনটি বলেছে, ‘ভারতীয় পর্দায় কোনো পাকিস্তানি মুখ, কণ্ঠস্বর বা গল্পের স্থান নেই।’

চিঠিতে পাকিস্তানের সব কনটেন্ট ভারতে প্রদর্শন বন্ধে কঠোর ও স্থায়ী আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নেটফ্লিক্স ইন্ডিয়া ও অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মকে ভারতে পাকিস্তানি কনটেন্ট প্রচার না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে মন্তব্য জানতে নেটফ্লিক্স কর্তৃপক্ষ ও ভারতের প্রধানমন্ত্রীর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব

দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোকে সহায়তা ও উসকানি দেওয়ার অভিযোগ করে আসছে ভারত। দেশটির অভিযোগ, পাকিস্তানের মদতে জঙ্গিরা ভারতে সহিংস হামলা চালায়। পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

গত বছর ভারত-শাসিত কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ওই ঘটনার পর ভারতের পক্ষ থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি অনুষ্ঠান প্রচার বন্ধ করতে বলা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এআইসিডব্লিউএ-র দাবি, নেটফ্লিক্সে সিরিজটি প্রচার করা হলে তা সরকারের ওই নির্দেশনার লঙ্ঘন হবে। সংগঠনটির আরও অভিযোগ, সিরিজে অভিনয় করা কয়েকজন শিল্পী দুই দেশের মধ্যে উত্তেজনার সময় ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন।

বর্তমানে ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে পাকিস্তানি কনটেন্ট দেখানো হয় না বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইউটিউবে ভারতের দর্শকেরা পাকিস্তানের বিভিন্ন সিরিজ দেখতে পারেন।

এইচএসবিসির তথ্য অনুযায়ী, নেটফ্লিক্সের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ বাজার। দেশটিতে প্রায় দুই কোটি মানুষ নেটফ্লিক্স ব্যবহার করেন। সাশ্রয়ী ইন্টারনেট সেবার কারণে তরুণদের মধ্যে প্ল্যাটফর্মটির ব্যবহারও বাড়ছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz