মূল অংশে যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ · ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

চারঘাটে রস ছাড়াই তৈরি শত শত মণ ‘খাঁটি গুড়’!

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ণ · আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ণ · ৪ মিনিটে পড়ুন
চারঘাটে রস ছাড়াই তৈরি শত শত মণ ‘খাঁটি গুড়’!
ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলায় খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে শত শত মণ ভেজাল গুড়। চিনিকলের চিটাগুড়, অপরিশোধিত চিনি, কাপড়ের রং, আটা, রাসায়নিক পদার্থ ও কৃত্রিম ফ্লেভার মিশিয়ে তৈরি করা হচ্ছে এসব গুড়। এতে প্রতারিত হচ্ছেন ক্রেতারা, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের সুনাম এবং বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শীত মৌসুম শুরু হলেই একশ্রেণির মৌসুমি ব্যবসায়ী নকল গুড় তৈরির কারিগর ভাড়া করে কারখানা চালু করেন। প্রতিটি কারখানায় রাতারাতি তৈরি হচ্ছে ২০০ থেকে ৩০০ কেজি গুড়। চারঘাটের মেরামতপুর, কাঁকড়ামারী, বাসুদেবপুর, রায়পুর ও ডাকরা, বাঘার আড়ানী, রুস্তমপুর, বাউসা ও মনিগ্রাম এবং পুঠিয়ার বানেশ্বর, জিউপাড়া, বেলপুকুর ও ঝলমলিয়া এলাকায় এ ধরনের কারখানা গড়ে উঠেছে।

গত ১৫ নভেম্বর বাঘার পীরগাছা গ্রামে এবং ১৩ নভেম্বর রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এর আগে চারঘাটের মেরামতপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় নকল গুড় তৈরির রাসায়নিক উপাদানও ধ্বংস করা হয়।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় খেজুরগাছ রয়েছে ১১ লাখ ৮ হাজার ১৮টি। এর মধ্যে চারঘাটে ১ লাখ ৮০ হাজার ২৭৫টি, পুঠিয়ায় ৫ লাখ ৮ হাজার ১৮টি এবং বাঘায় ১ লাখ ২০ হাজার ৫১২টি। অর্থাৎ এই তিন উপজেলাতেই রয়েছে জেলার প্রায় তিন-চতুর্থাংশ খেজুরগাছ। তবে প্রতি বছর জেলায় খেজুরগাছের সংখ্যা কমলেও গুড়ের উৎপাদন ও বাজারজাত বেড়েছে অস্বাভাবিক হারে।

তিন উপজেলা-সংলগ্ন পুঠিয়ার বানেশ্বর বাজার রাজশাহীর সবচেয়ে বড় খেজুরের গুড়ের হাট। প্রতিদিন এ হাটে প্রায় ১০০ থেকে ১১০ টন গুড় আসে। সপ্তাহে দুই দিন বড় হাটে এ পরিমাণ দাঁড়ায় ১২০ থেকে ১৫০ টন। এছাড়া চারঘাটের বাঁকড়া ও নন্দনগাছী, বাঘার বিনোদপুর, মনিগ্রাম ও আড়ানী এবং পুঠিয়ার ঝলমলিয়া হাটেও প্রতিদিন বিপুল পরিমাণ গুড় কেনাবেচা হয়।

সরেজমিনে চারঘাট, বাঘা ও পুঠিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাড়ির উঠানে প্রকাশ্যে চলছে নকল গুড় তৈরির কারবার। টিনের বড় কড়াইয়ে প্রথমে ভারতীয় অপরিশোধিত চিনি ও চিনিকলের চিটাগুড় জ্বাল দেওয়া হয়। কিছুক্ষণ পর তাতে মেশানো হয় আটা, খেজুরের গুড়ের কৃত্রিম ফ্লেভার, হোটেলের মিষ্টির ঝোল, রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ। পরে ঠান্ডা করে তৈরি করা হয় চকচকে গুড়। এসব গুড়ে খেজুরের রসের কোনো অস্তিত্ব থাকে না।

প্রকৃত খেজুরের গুড় তৈরির সঙ্গে যুক্ত কারিগররা জানান, প্রাকৃতিক নানা কারণে আগের মতো খেজুরগাছে রস পাওয়া যাচ্ছে না। রসের পরিমাণ কমে যাওয়ায় খাঁটি গুড় তৈরি করাও কঠিন হয়ে পড়েছে। উৎপাদন বাড়াতে কোনো কোনো চাষি রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন। এসব গুড় অনলাইন বিক্রেতারা ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে কিনে বাজারজাত করেন। অন্যদিকে রাসায়নিক উপাদান দিয়ে তৈরি গুড় বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে।

চারঘাটের রাওথা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ভেজাল গুড়ে রাসায়নিক ফ্লেভার মেশানোর কারণে আসল গুড়ের চেয়ে ঘ্রাণ বেশি হয়। অথচ আসল গুড় তৈরি করা অনেক কষ্টের কাজ। বড় আড়তদাররা কারখানার মালিকদের অগ্রিম টাকা দিয়ে শত শত মণ রাসায়নিক গুড় তৈরি করাচ্ছেন। এ কারণে বাজার থেকে প্রকৃত খেজুরের গুড় হারিয়ে যেতে বসেছে।

বাঘার মীরগঞ্জ এলাকার গাছি রফিকুল ইসলাম বলেন, খেজুরের গুড়ের সেই স্বাদ ও গন্ধ এখন আর নেই। কারখানাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে তারা টিকে থাকতে পারছেন না। তারা ১০ কেজি গুড় তৈরি করতেই ক্লান্ত হয়ে পড়েন, অথচ কারখানাগুলোতে প্রতিদিন ৫ থেকে ১০ মণ গুড় তৈরি হচ্ছে। প্রশাসন অভিযান চালালেও পরদিন আবার কারখানা চালু হয়।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, গুড়ের সঙ্গে কোনো ধরনের অননুমোদিত উপাদান মেশানো ঠিক নয়। রাসায়নিক মিশ্রিত গুড় খেলে আলসার, ডায়রিয়া, কলেরাসহ পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের খাবারে এ ধরনের গুড় ব্যবহার করা হলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদে ক্ষতিকর উপাদানের সংস্পর্শে কিডনি, হৃদ্‌যন্ত্র ও লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, খেজুরগাছের সংখ্যা কমলেও গুড়ের উৎপাদন বেড়েছে।

বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, কারখানাগুলোতে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে, অথচ তাতে এক ফোঁটা খেজুরের রসও নেই। অভিযান চালিয়ে কারখানা ধ্বংস করা হয়েছে। জরিমানা আদায়ের পাশাপাশি জব্দ করা গুড়ও ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ভেজাল ও নকল খাদ্য নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলেছেন। এ বিষয়ে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz