টাকা না পেয়ে বারিশালে মাকে পিটিয়ে হত্যা, বাবা আহত, ছেলে আটক
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ভাষাণচর ইউনিয়নে টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় বাবাও আহত হয়েছেন। অভিযুক্ত রবিউল ফকিরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ভাষাণচর ইউনিয়নের হাজীকান্দা এলাকার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রবিউল কৃষিকাজের সঙ্গে জড়িত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে রবিউল পরিবারের কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি লোহার শাবল দিয়ে বাবাকে আঘাত করেন। মা বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু হয় বলে অভিযোগ।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন জানান, টাকা দিতে অস্বীকৃতি জানানোয় রবিউল তার বাবা ও মাকে শাবল দিয়ে আঘাত করেন।
স্থানীয় যুবদলের সাবেক নেতা মো. খোকন মাতুব্বরের দাবি, রবিউল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝামেলা করতেন। তার ভাষ্য, নেশার টাকা নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়রা রবিউলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের মেয়ে নুপুর বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। রবিউল মাদকাসক্ত কি না, তা পুলিশ নিশ্চিত নয়। তার সৎ মা মানসিক সমস্যার কথা জানিয়েছেন, আর স্থানীয়রা মাদক সেবনের অভিযোগ করেছেন। মামলা দায়েরের পর তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





