আর্জেন্টিনাকে টপকে ব্রাজিলের বিশ্বরেকর্ড একসঙ্গে ৫৩ জনকে লাল কার্ড দেখালেন রেফারি
ব্রাজিলের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে সংঘর্ষের জেরে ৫৩ জনকে লাল কার্ড দেখানো হয়েছে। এতে ভেঙেছে আর্জেন্টিনার ২০১১ সালের ৩৬ লাল কার্ডের রেকর্ড।
ফুটবল মাঠে নজিরবিহীন সংঘর্ষের ঘটনায় নতুন রেকর্ড গড়েছে ব্রাজিল। দেশটির অনূর্ধ্ব-২০ রাজ্য চ্যাম্পিয়নশিপে উবেরলান্দিয়া ও মামোরের মধ্যকার ম্যাচে মোট ৫৩ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। এর মধ্য দিয়ে ২০১১ সালে আর্জেন্টিনার ঘরোয়া লিগে এক ম্যাচে ৩৬টি লাল কার্ড দেখানোর রেকর্ড ভেঙে গেছে। ইয়াহু স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিনাস জেরাইস ফুটবল ফেডারেশনের প্রকাশিত রেফারির ম্যাচ রিপোর্ট অনুযায়ী, ম্যাচটি ৩-১ গোলে জেতে মামোরে। তবে যোগ করা সময়ের নবম মিনিটে গোল উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। মামোরের এক খেলোয়াড় প্রতিপক্ষ দলের বেঞ্চের দিকে উসকানিমূলক অঙ্গভঙ্গি করলে উবেরলান্দিয়ার এক কোচিং স্টাফ মাঠে ঢুকে তাকে ধাক্কা দেন। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
একপর্যায়ে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা কিল-ঘুষি ও লাথি বিনিময়ে জড়িয়ে পড়েন। সংঘর্ষ এতটাই ভয়াবহ রূপ নেয় যে রেফারি ফার্নান্দো পাত্রিক মোদেস্তো মাঠে উপস্থিত সবাইকে তাৎক্ষণিকভাবে লাল কার্ড দেখাতে পারেননি। পরে ম্যাচের আনুষ্ঠানিক প্রতিবেদনে উবেরলান্দিয়ার ২৪ জন এবং মামোরের ২৯ জনসহ মোট ৫৩ জনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে ৪৩ জন খেলোয়াড়, ৮ জন কোচিং স্টাফ ও ২ জন ক্লাব কর্মকর্তা রয়েছেন।
তবে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ৫২ মিনিটে উবেরলান্দিয়ার এক খেলোয়াড় লাল কার্ড দেখলে ক্ষুব্ধ হয়ে ক্লাবটির তিন কর্মকর্তা মাঠে প্রবেশ করেন। এ সময় তারা রেফারিকে প্রাণনাশের হুমকি দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতির কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে।
এ ছাড়া ম্যাচের শেষ দিকে বল-বয় ও স্টাফদের মধ্যে বিশৃঙ্খলা এবং ড্রেসিংরুমে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হয়। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।
এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের ফুটবল ম্যাচে অ্যাতলেটিকো ক্লায়পোলে ও ভিক্তোরিয়ানো আরেনাসের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৬টি লাল কার্ড দেখানো হয়েছিল। এতদিন সেটিই ছিল এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz






