নজরুল বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে চায়নিজ, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষা:ইউজিসি সদস্য
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ বাড়াতে ‘আইডিয়া শেয়ারিং অন একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠান ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে হবে। যেকোনো শিল্পপ্রতিষ্ঠান যখন চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) বাছাই করে, তখন ৯০ শতাংশই বাতিল করে মাত্র ১০ শতাংশ পরীক্ষা নেয়। একজন প্রার্থী তখনই প্রতিষ্ঠানকে ভালো কিছু দিতে পারবেন, যখন তাঁর যোগাযোগ দক্ষতা ভালো হবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যোগাযোগ দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘সরকারের প্রতি আস্থা রাখুন, তাঁর নেতৃত্বে আগামী পাঁচ বছরে বাংলাদেশ এক চমৎকার দেশে পরিণত হবে। সবার আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে। নির্বাচনের পর তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে ত্রিশালে নিয়ে এসেছি, নজরুল জয়ন্তীর জাতীয় অনুষ্ঠান এখানে এনেছি এবং ত্রিশালকে নজরুল সিটি ঘোষণা করাতে পেরেছি। এ ছাড়া ত্রিশালে বিমানবন্দর স্থাপনের ব্যবস্থাও করতে সক্ষম হয়েছি।’
সেমিনারে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, ‘সরকারের চাওয়া হলো তোমরা চাকরি খুঁজবে না, বরং সবাইকে চাকরি দেবে; অর্থাৎ উদ্যোক্তা হবে। সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ এই একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন। মাত্র আট মাসের সরকার ইতিমধ্যে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথেই এগোচ্ছে।’
ইউজিসি সদস্য আরও জানান, আগামী বছরের মধ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে চায়নিজ, কোরিয়ান ও আরবি—এই তিনটি বিদেশি ভাষা শিক্ষার ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পাঠদান, প্রশিক্ষণ ও চাকরি মেলা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সবার আগে প্রতিষ্ঠানটিকে নিজের মনে করতে হবে। এই সেমিনারের মাধ্যমে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রি কোলাবরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। তিনটি বিদেশি ভাষা শিক্ষার মাধ্যমে আমরা আশপাশের বেকার জনগোষ্ঠীকেও জনশক্তিতে পরিণত করতে পারব। এ ছাড়া বিজ্ঞানের বিষয়ে এই বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে রয়েছে; ইউজিসির সহযোগিতায় বিজ্ঞানের বিষয়গুলো খোলার ব্যবস্থা করা হবে।’
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল।
সেমিনারে নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড, বাদশা গ্রুপ, থার্ড আই, মেঘনা গ্রুপ, রানার অটোমোবাইলস, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক এবং কনজ্যুমার নিটেক্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের পরামর্শ ও করণীয় তুলে ধরেন। এ ছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাজু আহমেদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমীসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
বাকৃবিতে আন্তর্জাতিক ভাষা শিক্ষার নতুন সুযোগ
২ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





