মূল অংশে যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ · ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

তিন বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই, শেষ পর্যন্ত হার মানলেন কুবি শিক্ষার্থী ইরফানুল্লাহ

দীর্ঘ সময় ধরে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত সুস্থ হয়ে ফেরা হলো না তাঁর।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ · আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
তিন বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই, শেষ পর্যন্ত হার মানলেন কুবি শিক্ষার্থী ইরফানুল্লাহ
নিহত কুবি শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ। ছবি: সংগৃহীত

সানজিদা আক্তার সাথী, কুবি

তিন বছর আগে সাইকেল চালিয়ে টিউশনিতে যাচ্ছিলেন। পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে থেমে যায় তাঁর স্বাভাবিক জীবন। এরপর দীর্ঘ তিন বছর ধরে চিকিৎসা ও বেঁচে থাকার লড়াই। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে হার মানলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই মহিবুল্লাহ।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৯ নভেম্বর সকালে সাইকেল চালিয়ে টিউশনিতে যাচ্ছিলেন ইরফানুল্লাহ। সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলিতে কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর বাম হাত ভেঙে যায় এবং ডান হাতেও গুরুতর আঘাত লাগে। নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ হয়।

দুর্ঘটনার পর তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর দীর্ঘ সময় ধরে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত সুস্থ হয়ে ফেরা হলো না তাঁর।

ইরফানের মৃত্যুর খবরটি পরিবারের জন্য আরেকটি বড় শোক হয়ে এসেছে। বড় ভাই মহিবুল্লাহ বলেন, ‘আজ ফজরের পর চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে আমার ভাই মারা গেছে।’

তিনি জানান, ইরফানের জানাজা দুই জায়গায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরে বাদ জোহর এবং গ্রামের বাড়ি সাতকানিয়ায় মাগরিবের পর জানাজার সময় নির্ধারণ করা হয়েছে। জানাজার নির্দিষ্ট সময় পরে জানানো হবে।

তিন বছর আগে যে সড়ক দুর্ঘটনা তাঁর জীবনকে বদলে দিয়েছিল, শেষ পর্যন্ত সেই দুর্ঘটনার পর দীর্ঘ চিকিৎসাজীবন পেরিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন কুবির এই শিক্ষার্থী। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

🔒 প্রকাশের ৭ দিন পরে এই খবরে মন্তব্য বন্ধ হয়ে গেছে।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz