‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র
পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হুসাইন কবির অপু (২৫)। মৃত্যুর মাত্র দুই দিন আগে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুলের গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন সাঁথিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে। তিনি আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সন্তান। বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে রঘুনাথপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী কবরের পাশে একটি বেলি ফুলের গাছ লাগানো হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আতাইকুলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন হুসাইন। রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় তাঁর অবস্থান ছিল অষ্টম। পরে তিনি নটর ডেম কলেজ ও ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পাবনার উদ্দেশে রওনা হয়েছিলেন হুসাইন। রাত ৯টার দিকে শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে কাজিরহাটগামী আব্দুল্লাহ আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনেরা তাঁর দাফন সম্পন্ন করেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





