মধ্যরাতে হরমুজ প্রণালির কাছে ইরানে হামলা
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার খবর পাওয়া গেছে। হরমোজগান প্রদেশের শহরটিতে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এর আগে সেখানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানিয়েছে আলজাজিরা। তবে কারা হামলা চালিয়েছে, কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাটি সামরিক ধরনের ছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।
আনাদোলু জানিয়েছে, ইরনার বরাতে হামলার খবর প্রকাশের কয়েক মিনিট আগেই ঘটনাটি ঘটে। তবে হামলাকারী বা লক্ষ্যবস্তু সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রথমে বিস্ফোরণের কারণ স্পষ্ট নয় বলে জানায় সংস্থাটি। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





