মূল অংশে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ · ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ক্যাম্পাস

ছাত্রলীগবিরোধী মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ · আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
ছাত্রলীগবিরোধী মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯
ছবি: সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী মেজবাউল হক মিজুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

সোহরাওয়ার্দী হলের একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক রাত ১২টায় বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু হলের জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে মিছিলের উদ্দেশ্যে হল থেকে বের হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে একে অপরকে হুমকি-ধমকি দেওয়ার ঘটনা ঘটে। মিছিল শেষে হলে ফেরার সময় আবারও হলের ভেতরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু বলেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও আসাদুজ্জামান নূর সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাদের ওপর হামলা করেন। তবে তায়েফ মাহমুদের দাবি, মিজু মিছিলের আগে কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেননি এবং মিজুর অনুসারীরাই প্রথমে তায়েফ ও সিফাতসহ তাদের পক্ষের নেতাকর্মীদের ওপর হামলা করেন।

ভুক্তভোগী মেজবাউল হক মিজু বলেন, আমরা সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করে সোহরাওয়ার্দী হলের দিকে আসছিলাম। তখন ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা করেন। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হল থেকে ৪০ থেকে ৫০ জন এসে হঠাৎ করেই আমাদের ওপর হামলা করেন।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমিও আহত হয়েছি। আমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের জ্যেষ্ঠ নেতাদের দায় এড়ানোর সুযোগ নেই।

এদিকে বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ জানান, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। গত ৩ নভেম্বর ঈশা খাঁ হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা থেকে এ বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে সমাধানের সুযোগ থাকলেও মিজান সেটিকে হল পর্যায়ের সংঘাতে রূপ দেওয়ার চেষ্টা করেন। ৫ নভেম্বর জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে উসকানি দেওয়ার প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা হয়। সর্বশেষ ছাত্রলীগবিরোধী মিছিলের আগে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা নেওয়া হয়েছে কি না, তা জানতে চাইলে আবারও হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতা সিফাত মাথায় গুরুতর আঘাত পান এবং তিনিও আহত হন।

তায়েফ মাহমুদ আরও বলেন, একটি পক্ষ ছাত্রদলের সাংগঠনিক পদ ব্যবহার করে বিভাজন সৃষ্টি ও সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছে। ওই পক্ষের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি বলেন, বাকৃবি ছাত্রদল কোনো বিভাজন চায় না। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আতিক, শফিক ও শোয়াইবের নির্দেশনায় একক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চায়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনকে বিতর্কিত করতে এবং ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। তাছাড়া মিজু ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। ছাত্রলীগকে সামনে আনা এবং ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব অভিযোগ করা হচ্ছে।

এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উভয় পক্ষের বক্তব্যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। তাই সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আগে ঘটনার বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz