ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান, সাড়ে ৯ হাজার টন বিতরণ স্থগিত
ভারত থেকে আমদানি করা চালের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান আফলাটক্সিনের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ঘটনায় অধিকতর পরীক্ষা না হওয়া পর্যন্ত ওই চালানের প্রায় সাড়ে ৯ হাজার টন চাল বিতরণ স্থগিত করেছে খাদ্য অধিদপ্তর।
শুক্রবার (৩০ অক্টোবর) সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)।
গত ১৭ আগস্ট চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাট সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) চালের স্তূপ থেকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) তিন সদস্যের একটি দল নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় হালিশহর ও ঢাকার একটি সরকারি গুদামে থাকা চালের নমুনায় আফলাটক্সিনের উপস্থিতি পাওয়া যায়।
এর পর ওই চালান থেকে গ্রহণ করা প্রায় সাড়ে ৯ হাজার টন চালের বিতরণ স্থগিত করা হয়।
ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী শিরীন আক্তার জাহান বলেন, দীর্ঘদিন সংরক্ষিত চালে আফলাটক্সিন তৈরি হতে পারে। তবে নমুনায় শনাক্ত হওয়া উপাদানের মাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। সহনীয় মাত্রা অতিক্রম করলে আফলাটক্সিন স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
হালিশহর সিএসডির ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, খাদ্য কর্মকর্তারা ওই লটের চাল দুবার পরীক্ষা করেছেন। পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল এখনো ডিপোতে পৌঁছায়নি। তবে চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক রেজওয়ান সাকিবও চাল বিতরণ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
টিবিএসের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতি টন ৩৫৩ দশমিক ১১ ডলার দরে ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল এ চাল সরবরাহ করে।
প্রায় ১০ হাজার ৮৭৮ টন চাল নিয়ে ‘এমভি এইচটি পাইওনিয়ার’ গত ২১ জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরদিন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। প্রাথমিক পরীক্ষায় চাল মানুষের খাওয়ার উপযোগী বলে ঘোষণা করা হয়। এরপর ২৪ ও ২৫ জুলাই চাল খালাসের অনুমতি দেওয়া হয়।
পরে চালের মান নিয়ে গুদাম কর্মকর্তারা উদ্বেগ জানান। তাদের দাবি, চালের একটি অংশ অত্যন্ত নিম্নমানের ও খাওয়ার প্রায় অনুপযোগী। নিম্নমানের কারণে প্রায় ১ হাজার ৩৭৮ টন চাল জাহাজেই ফেরত পাঠানো হয়। বাকি চাল সরকারি গুদামে নেওয়া হয়।
এরপর খাদ্য অধিদপ্তর চালের অধিকতর পরীক্ষার উদ্যোগ নেয়। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেন মহাপরিচালক এম জসিম উদ্দিন খান।
তবে চালের নমুনায় আফলাটক্সিন পাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল। তাদের দাবি, বাংলাদেশি খাদ্য কর্মকর্তা ও সরবরাহকারীর যৌথভাবে সংগ্রহ করা নমুনা ভারতের একটি পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছিল এবং তা চুক্তির শর্ত পূরণ করেছিল।
টিবিএসকে পাঠানো এক ই-মেইলে প্রতিষ্ঠানটি জানায়, ব্রিতে পরীক্ষা করা সিলগালা যৌথ নমুনায় কোনো আফলাটক্সিন পাওয়া যায়নি বলেও তাদের জানানো হয়েছিল। এ দাবির পক্ষে তারা এসজিএসের প্রতিবেদনের পাঁচ ও ছয় নম্বর পৃষ্ঠার উল্লেখ করেছে।
সরবরাহকারী প্রতিষ্ঠানটি আরও দাবি করেছে, মান বজায় রাখতে তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছে এবং চাল বিতরণ স্থগিতের আগে এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি।
অন্যদিকে, সরবরাহকারীর শিপিং এজেন্ট সেভেন সিজ শিপিং লাইনের ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরবরাহকারীর সুনাম ক্ষুণ্নের চেষ্টা করছে।
টিবিএসের প্রতিবেদনে বলা হয়, পরস্পরবিরোধী বক্তব্যের কারণে নমুনা সংগ্রহ ও পরীক্ষার পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রাথমিকভাবে সংগ্রহ করা নমুনা পুরো চালানের প্রতিনিধিত্ব করেছিল কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
এখন পর্যন্ত চালে থাকা আফলাটক্সিনের সুনির্দিষ্ট মাত্রা প্রকাশ করা হয়নি। চিহ্নিত চালের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে এবং অন্য গুদামে থাকা চাল আরও পরীক্ষা করা হবে কি না, সে বিষয়েও কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





