মূল অংশে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ · ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য

ঢাকার বাজারে মসলার দাম চড়া, কেজিতে বেড়েছে সর্বোচ্চ ৪০০ টাকা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১:৪০ অপরাহ্ণ · আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
ঢাকার বাজারে মসলার দাম চড়া, কেজিতে বেড়েছে সর্বোচ্চ ৪০০ টাকা
ছবি: সংগৃহীত

ঢাকার পাইকারি ও খুচরা বাজারে গত এক সপ্তাহে বিভিন্ন আমদানিনির্ভর মসলা ও শুকনা ফলের দাম বেড়েছে। পণ্যভেদে প্রতি কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে ক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতারাও।

রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কচুক্ষেত ও কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

কচুক্ষেতের মুসলিম এন্টারপ্রাইজের কর্মী সজীব মিয়া জানান, গত ১০ দিনে বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগে প্রতি কেজি এলাচ ৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৫ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। লবঙ্গের দাম ১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৭০০ টাকা। একইভাবে জিরা ৫৫০ টাকা থেকে বেড়ে ৬৫০ টাকা এবং কাজুবাদাম ১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পেস্তাবাদামের কেজি ৩ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৯০০ টাকা, কিশমিশ ৮২০ টাকা থেকে ৮৮০ টাকা এবং ইসবগুলের ভুসি ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে।

সজীব মিয়া বলেন, দাম বেশি হওয়ায় ক্রেতারা কেনাকাটার আগে একাধিক দোকানে খোঁজ নিচ্ছেন। কেউ দুই-তিনটি দোকানে দাম যাচাই করে আবার ফিরে আসছেন, আবার অনেকে কিছু না কিনেই চলে যাচ্ছেন।

ইব্রাহিমপুর কাঁচাবাজারের হাশেম জেনারেল স্টোরের স্বত্বাধিকারী আবুল হাশেম জানান, কচুক্ষেতের পাইকারদের কাছ থেকে জিরা কিনতে এখন কেজিতে ১০০ টাকা বেশি দিতে হচ্ছে। গত সপ্তাহে যে জিরা ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন, বর্তমানে তা বিক্রি করছেন ৭০০ টাকায়। অন্যান্য মসলা ও শুকনা ফলের দামও বেড়েছে বলে জানান তিনি।

কারওয়ান বাজারের পাইকারি মসলার দোকান রাসেল বানিয়াতি স্টোরের স্বত্বাধিকারী সাইদুলও মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দাবি, ভারতসহ আন্তর্জাতিক বাজারে মসলার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।

সাইদুলের তথ্য অনুযায়ী, ভারত থেকে জিরা ও এলাচসহ বেশ কয়েক ধরনের মসলা আমদানি করা হয়। ঢাকার বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা তাঁর দোকান থেকে পণ্য কিনে সাধারণত কেজিতে ১০ থেকে ২০ টাকা লাভ রেখে বিক্রি করেন।

অন্যদিকে, মিরপুরের পল্লবীর কালশী বাজারের খুচরা বিক্রেতা শাহীন শেখ জানান, গত সপ্তাহে কারওয়ান বাজার থেকে প্রতি কেজি জিরা ৫২০ টাকায় কিনলেও এবার তাঁকে কিনতে হয়েছে ৬২০ টাকায়। এ ছাড়া তিনি ২০ কেজি করে হলুদ ও মরিচ কিনেছেন। এ দুটি পণ্যের দামও কেজিতে ২০ টাকা করে বেড়েছে।

শাহীন শেখ বলেন, এভাবে দাম বাড়তে থাকলে ক্রেতাদের কাছে জবাব দেওয়া কঠিন হয়ে পড়ে। পণ্যের দাম বাড়লে স্বাভাবিকভাবেই চাহিদা কমে যায়, যার প্রভাব পড়ে বিক্রির ওপর।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz