মূল অংশে যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ · ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য

পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ · আপডেট: ২০ নভেম্বর ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে
রাজধানীর উত্তরায় নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতারা। ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলনের কারণে এখন পর্যন্ত ৩ থেকে ৪ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনটির নেতারা জানিয়েছেন, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে প্রতিদিন ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এর প্রভাব পোশাকশিল্পের পাশাপাশি পরিবহন, ব্যাংকিং ও লজিস্টিকসসহ সামগ্রিক অর্থনীতিতে পড়বে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবিএ নেতারা। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে। শ্রমিকদের জন্য ন্যায়সংগত ও সম্মানজনক এবং কারখানাগুলোর জন্য আর্থিকভাবে বহনযোগ্য মজুরিকাঠামো নির্ধারণের আশা প্রকাশ করেন তিনি।

আবদুল হামিদ আরও বলেন, চলমান অস্থিরতার কারণে নতুন পণ্য উৎপাদন ও আগে তৈরি পণ্য নির্ধারিত সময়ে জাহাজীকরণ বাধাগ্রস্ত হচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব না হলে অতিরিক্ত খরচে আকাশপথে পণ্য পাঠাতে হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতারা মূল্যছাড়ের চাপ সৃষ্টি করতে পারেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ পরিস্থিতিতে বিশ্ববাজারে বাংলাদেশের ব্যবসায়িক সুনাম, বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিজিবিএ সভাপতির দাবি, চলমান আন্দোলনের কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে কয়েকটি ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমেছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে অনেক কারখানা পূর্ণ উৎপাদনক্ষমতা কাজে লাগাতে পারবে না। কিছু কারখানা উৎপাদন বন্ধ করতেও বাধ্য হতে পারে। এতে রপ্তানি আয় কমার পাশাপাশি অসংখ্য শ্রমিক ও তাঁদের পরিবারের জীবিকা এবং আর্থিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz