মূল অংশে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ · ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য

এআই জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ · আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
এআই জোয়ারে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণের চাহিদা বাড়ায় হাই-টেক পণ্যের রপ্তানি বেড়েছে চীনের। এতে চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। অভ্যন্তরীণ বাজারে দুর্বল চাহিদার চাপ সামলে এআই পণ্যের রপ্তানি চীনের অর্থনীতিকে শক্তিশালী করছে। তবে এতে বড় বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে দেশটির উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেনঝেনে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের আগে এ তথ্য সামনে এসেছে। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাণিজ্য শুল্ক ও সামগ্রিক অর্থনৈতিক সম্পর্ক গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার প্রকাশিত কাস্টমসের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে চীনের রপ্তানি বেড়েছে ৩৫ দশমিক ২ শতাংশ। এতে চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলারে। টানা দ্বিতীয় বছরের মতো বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল। গত বছর এই মাইলফলকে পৌঁছাতে চীনের আরও এক মাস বেশি সময় লেগেছিল।

প্রথম ১০ মাসে চীনের সেমিকন্ডাক্টর রপ্তানি বেড়েছে ১১১ দশমিক ১ শতাংশ। একই সময়ে হাই-টেক পণ্যের সামগ্রিক রপ্তানি বেড়েছে ৪৭ দশমিক ৯ শতাংশ। তবে দেশটির অভ্যন্তরীণ বাজারে বাড়ি বিক্রির মন্দা ও গৃহস্থালি পণ্যের চাহিদা কমে যাওয়ায় গাড়িসহ বিভিন্ন পণ্যের জন্য বিদেশি বাজারের ওপর নির্ভরতা বাড়ছে।

ট্রিভিয়াম চায়নার প্রধান অর্থনীতিবিদ জো পিসেল বলেন, চীনা নির্মাতারা বিদেশের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করায় ২০২৭ সালে অতিরিক্ত শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক বাধা বাড়ার ঝুঁকি রয়েছে।

ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ নগুয়েন হোয়াং নাম জানান, বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি কিছুটা শিথিল হওয়ার আভাস পাওয়া যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের চাপের প্রতিফলন হতে পারে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও চীনের বাণিজ্যিক টানাপোড়েন বাড়ার আশঙ্কা রয়েছে। তবে আইএনজির প্রধান অর্থনীতিবিদ লিন সং মনে করেন, শেয়ারবাজারে সাম্প্রতিক অস্থিরতা থাকলেও আগামী মাসগুলোতে এআই-সংশ্লিষ্ট বাণিজ্য শক্তিশালী থাকবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz