নতুন উদ্যোক্তা তৈরিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে নতুন উদ্যোক্তা তৈরিতে ৫ হাজার কোটি টাকার বিশেষ ঋণ কর্মসূচি বাস্তবায়ন করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ‘কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ১০১টি সহযোগী সংস্থার মাধ্যমে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।
এর মধ্যে মাঠপর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে ১ হাজার ৪১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে। ঋণ পাওয়া উদ্যোক্তাদের ৮৭ শতাংশই নারী।
রোববার (৮ নভেম্বর) যুগান্তরের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম ধাপে ১ হাজার ২৫০ কোটি টাকা পায় পিকেএসএফ। দেশের ৬৪ জেলায় ‘সোপান’ কর্মসূচির আওতায় চারটি উপখাতে ঋণ বিতরণ করা হচ্ছে। এগুলো হলো প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন।
এসব খাতে নতুন উদ্যোক্তা তৈরি ও বিদ্যমান ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণে অর্থায়ন করা হচ্ছে। পাশাপাশি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কার্যক্রমেও ঋণ দেওয়া হচ্ছে।
কর্মসূচিটির অন্যতম উদ্দেশ্য হলো গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নতুন উদ্যোক্তা তৈরি, নারী ও তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। এ ছাড়া কৃষিভিত্তিক ও অকৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদ্যমান উদ্যোগ সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব লক্ষ্য অর্জনে বাংলাদেশ ব্যাংক পিকেএসএফের অনুকূলে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল অনুমোদন করেছে। এর মধ্যে তিন ধাপে ৩ হাজার ৭৫০ কোটি টাকা পেয়েছে পিকেএসএফ। বাকি অর্থ আগামী ডিসেম্বরের মধ্যে পাওয়ার কথা রয়েছে। পুরো অর্থ ২০২৭ সালের জানুয়ারির মধ্যে উদ্যোক্তা পর্যায়ে বিতরণ করা হবে।
ঋণ বিতরণের মান বজায় রাখা ও কার্যক্রমের তদারকি নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে ঋণগ্রহীতাদের তথ্য এবং কর্মসংস্থান-সংক্রান্ত তথ্য প্রতিদিন সংগ্রহ, সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





