কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ কারখানা খুলে দেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পোশাকশ্রমিকরা। তবে শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন শিল্পকারখানা ও মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন পোশাকশ্রমিকরা। এ দাবিতে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিভিন্ন স্থানে যানবাহন, মার্কেট ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দিন ধরে অনেক কারখানা বন্ধ রাখা হয়।
তবে বৃহস্পতিবার সকালে অধিকাংশ কারখানা খুলে দেওয়ায় শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। যদিও কিছু কারখানা এখনো বন্ধ রয়েছে।
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছেন বিজিবির ২৫ প্লাটুন সদস্য ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি মহাসড়ক ও শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শ্রমিকরা জানান, গত কয়েক দিন আন্দোলনের কারণে তারা কারখানায় কাজে যোগ দিতে পারেননি। কারখানার সামনে যাওয়ার আগেই আন্দোলন দেখে ফিরে যেতেন। বৃহস্পতিবার সকালে আন্দোলন না থাকায় তারা কাজে যোগ দিচ্ছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা খুলে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz






