জানুয়ারির বেতনের সঙ্গে বকেয়া পাবেন পোশাকশ্রমিকরা
আগামী ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতনকাঠামো নির্ধারণ করবে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হলে জানুয়ারির বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকরা।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে মজুরি বোর্ডের প্রথম সভা শেষে এ তথ্য জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, নতুন বেতনকাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর করতে সব পক্ষ একমত হয়েছে। ফলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকরা।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেদিন সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রথমে মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছিল সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। তবে বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। তবে শেখ আশফাকুর রহমানকে সরানোর কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
এদিকে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বুধবারও উত্তাল ছিল সাভারের বিভিন্ন পোশাক কারখানা। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে সাভারের উলাইল ও হেমায়েতপুরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের হামলার শিকার হন তিন গণমাধ্যমকর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকেরা আশপাশের গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পোশাকশ্রমিকদের এবারের আন্দোলনের সূত্রপাত হয় আশুলিয়ায়। গত শনিবার সকাল থেকে কাঠগড়া, আমতলা ও নয়াপাড়া এলাকায় শ্রমিক অসন্তোষ শুরু হয়। প্রথমে নাঈম নিটওয়্যারের শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে তাঁরা সড়কে নেমে বিক্ষোভ করেন।
একপর্যায়ে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মিরপুরে আন্দোলন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো এসব এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। তাঁদের অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। মিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। এতে পুলিশ ও শ্রমিকসহ অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় সাতজনকে আটক করেছে শিল্প পুলিশ।
মজুরি বোর্ড গঠন করা হলেও শ্রমিকদের আন্দোলন থামেনি। বরং প্রতিদিন নতুন নতুন কারখানা বন্ধ হচ্ছে। শ্রমিক বিক্ষোভের মুখে গত সোমবার পর্যন্ত ৭০০টি কারখানা বন্ধ ছিল। মঙ্গলবার নতুন করে আরও ৬২টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
তাহসিফ হত্যা: ফের তিন দিনের রিমান্ডে দিশা
২ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz






