মূল অংশে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ · ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ · আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো বিষয় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তার বিষয়েও শিক্ষার্থীদের শেখানো হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, ষষ্ঠ শ্রেণিতে এআই, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি ও রোবটিক্স শেখানো হবে। সপ্তম শ্রেণিতে থাকবে এআই-সক্ষম সার্চ টুলস, ইন্টারনেট অব থিংস ও বাস্তব জীবনে এআইয়ের ব্যবহার। অষ্টম শ্রেণিতে যুক্ত হবে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিং।

নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ব্যবহার, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি পড়ানো হবে। আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দৈনন্দিন জীবন ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহারিক প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এআই, রোবটিক্স ও থ্রিডি প্রিন্টিংসহ বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু এআই ব্যবহারের কৌশল শেখানো যথেষ্ট নয়; এর মাধ্যমে পাওয়া তথ্য যাচাই-বাছাই করার দক্ষতাও শিক্ষার্থীদের অর্জন করতে হবে। এ জন্য বয়স উপযোগী এআই ব্যবহার, তথ্য যাচাই ও অনলাইন নিরাপত্তার বিষয়গুলো পাঠ্যক্রমে গুরুত্ব পাবে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz