মূল অংশে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ · ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
জাতীয়

আইনশৃঙ্খলার চেয়ে সংবিধান সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশি তৎপর: নাহিদ ইসলাম

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ · আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ৩:১৪ পূর্বাহ্ণ · ২ মিনিটে পড়ুন
আইনশৃঙ্খলার চেয়ে সংবিধান সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশি তৎপর: নাহিদ ইসলাম
নাহীদ ইসলাম। ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ততটা সক্রিয় দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

দেশে গত দুই দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে অভিযোগ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালাচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। আগুনে পুড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, গত সাত মাস ধরে তাঁরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কথা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখন স্পষ্ট। সংবিধান সংশোধনের বিষয়ে মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, আইনশৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে ততটা তৎপরতা দেখা যাচ্ছে না।

নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রকাশ্যে দেশে এসে রাজনৈতিক কর্মসূচি শেষ করে আবার বিদেশে চলে যাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সংসদ সদস্যরা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে বক্তব্য দেবেন অথবা আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। কিন্তু অধিবেশনের দ্বিতীয় দিনেও এ বিষয়ে মন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তিনি বলেন, দেশের উদ্বেগজনক পরিস্থিতিতে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা স্পষ্ট করা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষা, গোয়েন্দা তৎপরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে স্পষ্ট জবাবদিহি চান তাঁরা।

স্পিকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা সংসদে অবিলম্বে স্পষ্ট করা প্রয়োজন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz