মূল অংশে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ · ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছে সাত শর্ত, আত্মসমর্পণ চায় ইরান

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ণ · আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ২:৫১ পূর্বাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
যুক্তরাষ্ট্রের কাছে সাত শর্ত, আত্মসমর্পণ চায় ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত মেনে নিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, ওয়াশিংটনের সময় এসেছে তেহরানের দেওয়া শর্তগুলো মেনে নেওয়ার। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না দাবি করে ‘কাল্পনিক আলোচনার খবর’ প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক দিক থেকে ইরানের যুদ্ধ চালানোর সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে। তবে এখনই সংঘাত পুরোপুরি বন্ধ করছে না যুক্তরাষ্ট্র। ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সামরিক অভিযান ও অবরোধ দিয়ে ইরানের যুদ্ধ শেষ করা যাবে না। যুক্তরাষ্ট্রকে অবশ্যই তেহরানের দাবি ও শর্ত পূরণ করতে হবে। এ সময় তিনি দুই দিনের একটি পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মোহসেন রেজাই বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্রের সরকার ইতোমধ্যে বড় ধরনের সংকটে পড়েছে। কিন্তু ওয়াশিংটন এখনো পরিস্থিতি স্বীকার না করে কাল্পনিক আলোচনার খবর প্রচার করছে।

রেজাইয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্রের উচিত তেহরানের দেওয়া সাতটি শর্ত মেনে নেওয়া এবং পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতা স্বীকার করা।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—লেবানন, গাজা ও ইয়েমেনসহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ; জব্দ করা সম্পদ মুক্ত; তেহরানের ওপর আরোপিত অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার; নৌ অবরোধ পুরোপুরি তুলে নেওয়া; অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার; সর্বশেষ যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং ইরানের বিরুদ্ধে হুমকি ও অপমানজনক বক্তব্য বন্ধ করা।

ইরানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর প্রশ্ন নেই।

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক

সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির উপায় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। সমঝোতায় পৌঁছানো ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখছে।

ট্রাম্পের ভাষ্য, আপাতত সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না যুক্তরাষ্ট্র। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সময় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

সৌদিতে একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়ছে সৌদি আরবের নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামোতেও। মঙ্গলবার দেশটির রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এর আগে সোমবার সৌদির মদিনা অঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটে। এতে সীমিত অগ্নিকাণ্ড হলেও পাইপলাইনের কার্যক্রম ব্যাহত হয়নি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। এ ঘটনায় হতাহতের খবরও পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় সৌদি আরবের তেল রপ্তানির জন্য এই পাইপলাইনটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্র একদিকে সামরিক সংঘাত কমানোর ইঙ্গিত দিলেও ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছে। অন্যদিকে তেহরান বলছে, সাতটি শর্ত পূরণ না হলে যুদ্ধের স্থায়ী অবসান কিংবা আলোচনায় ফেরার সুযোগ নেই।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz