মূল অংশে যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ · ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
সারাদেশ

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, বাসে আগুন-রেললাইনে অগ্নিসংযোগ

বাসে আগুন দেওয়ার ঘটনায় এক চালকের মৃত্যুর খবরও এসেছে।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ণ · আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ণ · ৩ মিনিটে পড়ুন
দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, বাসে আগুন-রেললাইনে অগ্নিসংযোগ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকে মঙ্গলবারও এসব ঘটনা ঘটে। কোথাও সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। বাসে আগুন দেওয়ার ঘটনায় এক চালকের মৃত্যুর খবরও এসেছে।

মঙ্গলবার নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে নৈশপ্রহরীর তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। রাত তিনটার দিকে সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুখে গামছা বাঁধা এক ব্যক্তি ব্যাংকের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। পরে মূল ফটকের সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান জানান, নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিভিয়ে ফেলেন। এতে সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে যায় এবং গ্রিলে আগুনের দাগ পড়ে।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ অংশে রেললাইনে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. আশিক হোসেন (৩৯) ও একই ইউনিয়নের সদস্য মো. ইমরুল কায়েস (১৯)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সয়দাবাদ এলাকার দুজন রেললাইনে আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় রেললাইনে টায়ার জ্বালানো হয়। পরে শহীদ এম মনসুর আলী রেলস্টেশনের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেন। এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

অন্যদিকে গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ একাধিক যানবাহনে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শহরতলির বিসিক ব্রিজ এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে অবরোধকারীরা সরে যান। এরপর শহরের লঞ্চঘাট এলাকায় সড়কে টায়ারে আগুন দেওয়া হয়। সেখানে পুলিশের সঙ্গে আবারও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল বন্ধ থাকে।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকইড় এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এ ছাড়া শহরের বিসিক এলাকা, পৌর শিশু পার্কসংলগ্ন এলাকা ও মহিলা আলিয়া মাদ্রাসার সামনে তিনটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সকালে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে স্লোগান দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে। পরে উত্তেজিত জনতা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা মোকাবিলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz