ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নিষিদ্ধ আ. লীগের নাশকতার ছক
কুমিল্লায় ডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিকল্পনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করা হচ্ছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, মহাসড়কের কুমিল্লা অংশের অন্তত ১৪টি কৌশলগত ও নির্জন স্থানে যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে। এ পরিস্থিতিতে নাশকতা প্রতিরোধে জেলাজুড়ে অভিযান শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। ইতোমধ্যে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, রাজনৈতিক কর্মসূচি বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ক্ষেত্রে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধকে গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করা হয়। দেশের বাণিজ্যিক যোগাযোগের অন্যতম প্রধান এই মহাসড়কের কুমিল্লা অংশ প্রায় ১০৩ কিলোমিটার। ফলে সড়কটি অচল হলে দেশের পণ্য ও যাত্রী পরিবহনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পলাতক আওয়ামী লীগ নেতাদের ইন্ধন ও অর্থায়নে ছাত্রলীগ-যুবলীগসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন।
নাশকতার আশঙ্কায় মহাসড়কের যে ১৪টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো হলো—দাউদকান্দি উপজেলার শহীদনগর, ইলিয়টগঞ্জ, পুটিয়া, তীরচর ও গোমতা; চান্দিনা উপজেলার মাধাইয়া ও কাঠেরপুল; বুড়িচং উপজেলার নিমসার ও কাবিলা; আদর্শ সদর উপজেলার সৈয়দপুর, আলেখারচর ও কোটবাড়ী; সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এবং চৌদ্দগ্রাম উপজেলার আলকরা।
গোয়েন্দা সূত্রের আশঙ্কা, রাতের আঁধারে এসব এলাকার নির্জন স্থানে অবস্থান নিয়ে দূরপাল্লার যানবাহনে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা হতে পারে।
সম্প্রতি অভিযানে গ্রেফতার হওয়া ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদে মহাসড়কে নাশকতার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মহাসড়কের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্য রয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোপন নজরদারির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার পরিকল্পনা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। চিহ্নিত ১৪টি স্থানসহ মহাসড়কের ১০৩ কিলোমিটার এলাকায় দিন-রাত বিশেষ টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





