চুরির অভিযোগে বৃদ্ধাকে গাছে রশি দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর বালাআটা গোবিন্দপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে (৬২) গাছে রশি দিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী সাদা মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় আহত ওই বৃদ্ধা বর্তমানে গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে গোলাপ মিয়া (২৩) গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে এ ঘটনাটি নিয়ে থানায় একটি অভিযোগ হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর দুপুরের দিকে বাড়ির মোটর ও ছাগল চুরির অভিযোগে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধাকে নিজের বাড়িতে ধরে নিয়ে আসেন সাদা মিয়া। পরে ওই বৃদ্ধাকে গাছে বেঁধে বাশের কঞ্চি দিয়ে উপর্যুপরি শারীরিক নির্যাতন করা হয়। এতে তার শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়। এ সময় অন্য অভিযুক্তরাও তাকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
যত্রতত্র বিলবোর্ডে ঢাকা পড়েছে পাহাড়ের সৌন্দর্য
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগে সাদা মিয়াসহ কয়েকজনের নাম উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
নির্যাতনের শিকার নারীর নাম গোলাপী বেগম (৬৫)। তিনি ওই গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন। অভিযুক্ত সাদা মিয়া একই গ্রামের মৃত দারোগ আলীর ছেলে এবং পেশায় কৃষক।
এদিকে এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শারীরিক নির্যাতনের ১৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, অভিযুক্ত সাদা মিয়া হাতে বাশের কঞ্চি দিয়ে উপর্যুপরি আঘাত করছে। পাশে দাঁড়িয়ে থাকা নারী ও পুরুষরাও তাকে মারতে উৎসাহিত করার কথা শোনা যায়।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই ওই বৃদ্ধাকে হাত-পা রশি দিয়ে বেঁধে বাঁশের কঞ্চি দিয়ে মারধর করেছে সাদা মিয়া। সঙ্গে সঙ্গে আমি তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করার জন্য পাঠিয়ে দেই। এ ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত। জড়িত প্রতিটি ব্যক্তির কঠোর শাস্তি হওয়া উচিৎ।
এ বিষয়ে জানতে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ উর রহমানের নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শনিবার (৭ নভেম্বর) সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী নারী হাসপাতালে ভর্তি রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





