খাবারে মাছি-কেকে মুরগির নখ, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ১০ লাখ
চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার ও খাদ্যপণ্যে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
শনিবার (৭ নভেম্বর) সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ জরিমানা করেন। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শপিংব্যাগ সুপারশপ এবং কাহওয়া ক্যাফে।
আদালত সূত্রে জানা গেছে, ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজে মেয়াদ ও লেবেলবিহীন বাটার ব্যবহার, ডালডার মধ্যে পলিথিন ও ময়লা, উৎপাদনস্থলে মাছি ও তেলাপোকার উপস্থিতি এবং পোড়া তেলে চানাচুর ও মটরভাজা তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া কেক-রুটি তৈরির উপকরণে ময়লা এবং মান নিয়ন্ত্রণ ছাড়াই খাদ্যপণ্য বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, শপিংব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, রান্নার তেলে ময়লা, খাদ্যপণ্যের পাশে ইঁদুর মারার ওষুধ রাখা, পচা মরিচ সংরক্ষণ এবং অসুস্থ কর্মী দিয়ে মসলা প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এদিকে, কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ, মেয়াদোত্তীর্ণ ও ময়লাযুক্ত খামি, অপরিচ্ছন্ন ডাস্টবিন, মেয়াদোত্তীর্ণ বাকলাভা এবং পচা বিটরুট সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ম্যাংগো ফ্লেভার ড্রিংকসকে ম্যাংগো ড্রিংকস হিসেবে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, অভিযানে তিনটি প্রতিষ্ঠানে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে নানা ধরনের অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





