হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয়: জামায়াত আমির
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনের আওতায় আসতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জামায়াত আমির বলেন, ‘যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি আপিল করেননি। বিচারিক প্রক্রিয়া চলার সময় তিনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতেন, তাহলে তখনই তার দেশে আসা দরকার ছিল। তিনি আসেননি—এর মানে হচ্ছে তিনি দেশকে ধারণ (ওন) করেন না এবং আইনকেও ভয় পান।’
এখন আর শেখ হাসিনার কোনো কথা বিশ্বাস করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। সেখানে একটি জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণার চেষ্টার অভিযোগ তুলে তিনি বলেন, ‘একটি স্বাধীন দেশের ভেতরে একটি জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার চেষ্টা—এরা কারা? আইন ও সংবিধানের দৃষ্টিতে এরা দেশদ্রোহী।’
দেশের কোনো অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং থানায় হামলা ও লুটপাটের ঘটনার উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, খুনের নেশা এখনো কাটেনি এবং ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন আসেনি। তবে যুবসমাজ ও সাধারণ মানুষের ক্ষোভের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘তারা যেন এটি ভালো করে মনে রাখেন যে যুবসমাজ ও আপামর জনগণ তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য করেছিল।’
হত্যাকাণ্ড ও বর্বরতার বিচার না হওয়া পর্যন্ত জড়িতদের আইনের আওতায় আনার এবং আদালতের রায় মেনে নেওয়ার দাবি জানান তিনি।
জাতীয় ঐক্য প্রসঙ্গে জামায়াত আমির জানান, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৃহত্তর স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনে একসঙ্গে কাজ করার কথা বলেন তিনি।
সংসদে জাতীয় ঐক্যের আহ্বানকে সম্মান জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই ঐক্য কোনো অস্থায়ী (ট্রানজিশনাল) ঐক্য হলে চলবে না; আমাদের অবশ্যই টেকসই ঐক্যের দিকে যেতে হবে।’
জাতীয় ঐক্যে ফাটল ধরার কারণ হিসেবে তিনি জনগণের রায় অস্বীকার, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা এবং তা পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের মতো পদক্ষেপের কথা উল্লেখ করেন। এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হলে ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটবে বলে মনে করেন তিনি।
এর আগে গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। পরে মালয়েশিয়া সফর স্থগিত করে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরেন।
খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)
সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সরকারের সায় নেই
১৮ ঘণ্টা আগে💬 মন্তব্য
✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz





