মূল অংশে যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ · ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ধর্ম

অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকার গুরুত্ব ও ফজিলত

একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো, তিনি কল্যাণকর কথা বলবেন, অন্যথায় নীরব থাকবেন।

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ · আপডেট: ৯ নভেম্বর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকার গুরুত্ব ও ফজিলত
ছবি: সংগৃহীত

ইসলামে জিহ্বার হেফাজত করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। পরিমিত কথা বলা মানুষের সুন্দর চরিত্রের পরিচয়। অন্যদিকে, লাগামহীন কথাবার্তা অনেক সময় ঝগড়া-বিবাদ ও সামাজিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।

একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো, তিনি কল্যাণকর কথা বলবেন, অন্যথায় নীরব থাকবেন। কারণ, অসংযত কথাবার্তার মাধ্যমে গিবত, মিথ্যা, পরনিন্দা ও গালাগালের মতো গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই দুনিয়ার অনর্থক বিতর্ক থেকে দূরে থাকতে এবং পরকালে মুক্তি পেতে জিহ্বার নিয়ন্ত্রণ জরুরি।

লাগামহীন কথাবার্তা থেকে বিরত থাকার কয়েকটি ফজিলত ও গুরুত্ব তুলে ধরা হলো—

১. পাপ থেকে বেঁচে থাকা

জিহ্বার অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে গিবত, পরনিন্দা, মিথ্যা, চোগলখোরি ও গালাগালের মতো গুনাহ সংঘটিত হয়। অপ্রয়োজনীয় কথা পরিহার করলে এসব পাপ থেকে বেঁচে থাকা সহজ হয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ صَمَتَ نَجَا

‘যে ব্যক্তি চুপ থাকে, সে মুক্তি পায়।’ (তিরমিজি, হাদিস: ২৫০১)

২. শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকা

অপ্রয়োজনীয় ও অতিরিক্ত কথা মানুষকে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে ফেলতে পারে। অন্যদিকে, নীরবতা মানুষকে শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকতে সহায়তা করে।

রাসুলুল্লাহ (সা.) আবু জার গিফারি (রা.)-কে উপদেশ দিয়ে বলেন—

عَلَيْكَ بِطُولِ الصَّمْتِ، فَإِنَّهُ مَطْرَدَةٌ لِلشَّيطَانِ

‘তুমি দীর্ঘ নীরবতা অবলম্বন করো। কেননা, তা শয়তানকে দূরে সরিয়ে দেয়।’ (বায়হাকি, ৩/৪০৫)

৩. আত্মিক প্রশান্তি অর্জন

অপ্রয়োজনীয় কথাবার্তা মানুষের মনকে নানা বিষয়ে ব্যস্ত রাখে। অন্যদিকে, পরিমিত কথা বলা ও নীরব থাকার অভ্যাস মানুষকে মানসিক প্রশান্তি দেয়। এতে দুনিয়াবি কোলাহল থেকে মনকে সরিয়ে আল্লাহর স্মরণ ও ইবাদতে মনোযোগী হওয়া সহজ হয়।

৪. মর্যাদা বৃদ্ধি

অতিরিক্ত কথা বললে ভুলত্রুটি ও গুনাহের আশঙ্কা বাড়ে। বিপরীতে, প্রয়োজন অনুযায়ী কথা বলা মানুষের ব্যক্তিত্ব ও মর্যাদা বাড়ায়। হাদিসে এসেছে—

الصُّمْتُ حِكْمَةٌ وَقَلِيلٌ فَاعِلُهُ

‘নীরবতা একটি প্রজ্ঞা, আর এর ওপর আমলকারী খুবই কম।’ (বায়হাকি, ৪/২৪৬)

৫. বুদ্ধিমত্তার পরিচয়

কোথায় কথা বলতে হবে আর কোথায় নীরব থাকতে হবে, তা বুঝতে পারাও বুদ্ধিমত্তার পরিচয়। ইসলামি মনীষীদের একটি প্রজ্ঞামূলক বাণী হলো—

الْكَلَامُ كَالْفِضَّةِ وَالسُّكُوتُ كَالذَّهَبِ

‘কথা যদি রুপার মতো হয়, তবে নীরবতা সোনার মতো।’

পরিমিত কথা বলা ও জিহ্বার নিয়ন্ত্রণ একজন মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অপ্রয়োজনীয় কথা, বিতর্ক ও পরনিন্দা থেকে দূরে থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহ্বার হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz