মূল অংশে যান
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ · ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
ধর্ম

আজ শ্যামাপূজা ও দীপাবলি

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ · আপডেট: ৮ নভেম্বর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
আজ শ্যামাপূজা ও দীপাবলি
ছবি: সংগৃহীত

অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রা আর অশুভ শক্তির বিনাশে শুভশক্তির আরাধনার চিরন্তন বিশ্বাস নিয়ে আজ রবিবার উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এই পূজা হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের আগমনে দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজার প্রস্তুতি শেষ হয়েছে। হিন্দুদের ঘরে ঘরে প্রদীপ প্রজ্বালন ও আলোকসজ্জায় ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ।

বাঙালি সনাতন সংস্কৃতিতে শ্যামাপূজা ও দীপাবলি উৎসবের গুরুত্ব অপরিসীম। আলোর এই উৎসবকে অবাঙালি হিন্দু সম্প্রদায় ‘দিওয়ালি’ বললেও বাংলায় এটি ‘দীপাবলি’ নামে পরিচিত। অনেকে ‘দীপান্বিতা কালীপূজা’ও বলে থাকেন। ১৭৭৭ খ্রিস্টাব্দে কাশীনাথ রচিত ‘শ্যামাসপর্যাবিধি’ গ্রন্থে এই পূজার প্রথম উল্লেখ পাওয়া যায়। অশুভ ও অকল্যাণের প্রতীক অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় হিন্দু সম্প্রদায় শত শত বছর ধরে এই উৎসব পালন করে আসছে।

হিন্দু পুরাণমতে, দেবী কালী মূলত দুর্গারই এক রূপ। সংস্কৃতের ‘কাল’ শব্দ থেকে ‘কালী’ নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজাÑ জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের প্রতীক। দেবী কালী ভক্তদের কাছে শ্যামা, আদ্যা মা, তারা মা, চামুণ্ডা, ভদ্রকালী ও মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। দীপাবলির সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করেন।

পঞ্জিকা অনুসারে, রবিবার বেলা ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়ে কাল সোমবার বেলা ১১টা ৫৮ মিনিটে শেষ হবে। অমাবস্যা তিথির মধ্যরাতে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হবে শ্যামাপূজা। দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা কিংবা প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতুপ্রতিমায় পূজা করা হয়। মধ্যরাতে তান্ত্রিক ও বৈদিক মতে পূজা অনুষ্ঠিত হলেও গৃহস্থবাড়িতে সাধারণত প্রচলিত ব্রাহ্মণ্যমতে আদ্যাশক্তি রূপেই দেবীর আরাধনা করা হয়। একই তিথিতে কালীপূজার পাশাপাশি অনেকে লক্ষ্মীপূজাও করবেন।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতিবাজার, শাঁখারিবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে শ্যামাপূজার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz