মূল অংশে যান
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ · ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ · আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক
ছবি: সংগৃহীত

সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান নিজের বিয়ের আনন্দ কর্মীদের সঙ্গে ভাগ করে নিতে সান গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের সোনার আংটি উপহার দিয়েছেন। এ ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে কর্মীদের উপহার গ্রহণের দৃশ্য দেখা গেছে। একটি ভিডিওতে দেখা যায়, উপহারের বাক্সে ছিল বিয়ের আমন্ত্রণপত্র, চকলেট ও একটি সোনার আংটি। জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে কাব্য মারানের বিয়েকে কেন্দ্র করে কর্মীদের জন্য এ আয়োজন করা হয়েছে।

এক কর্মী জানান, প্রথমে তাঁরা উপহারের বাক্সে সোনার মুদ্রা থাকতে পারে বলে ধারণা করেছিলেন। তবে বাক্স খুলে সোনার আংটি পেয়ে তাঁরা অবাক হন।

উপহারের সঙ্গে দেওয়া আমন্ত্রণপত্রে আগামী ২৫ নভেম্বর দুপুরের খাবারের আয়োজনের উল্লেখ রয়েছে। তবে এটি সান গ্রুপের কর্মীদের জন্য বিশেষ কোনো অনুষ্ঠান কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এক কর্মী সোনার আংটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এর ওজন বা বাজারমূল্য সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে কতজন কর্মী এই উপহার পেয়েছেন, সে বিষয়েও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কাব্য ও তাঁর পরিবারের এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকে।

এদিকে শনিবার (২১ নভেম্বর) চেন্নাইয়ে কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১১ নভেম্বর গ্রিসে ব্যক্তিগত আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের চলচ্চিত্র তারকা রজনীকান্ত ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

চেন্নাইয়ের বিবাহোত্তর সংবর্ধনায় ক্রিকেট, চলচ্চিত্র, ব্যবসা ও রাজনীতির পরিচিত ব্যক্তিদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন পরিবারের সদস্যদের নিয়ে চেন্নাই পৌঁছেছেন বলে জানা গেছে। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক খেলোয়াড় ও বোলিং কোচ হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এ ছাড়া শাহরুখ খান, কমল হাসান, আল্লু অর্জুন ও অজিত কুমারের মতো তারকাদের উপস্থিতি নিয়েও আলোচনা চলছে। তবে তাঁদের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।

আইপিএলে কাব্য মারান পরিচিত ও আলোচিত ব্যক্তিত্ব। ফলে তাঁর বিয়ের আয়োজন নিয়ে ক্রিকেট ও বিনোদনজগতের ভক্তদের মধ্যে আগ্রহ রয়েছে। এরই মধ্যে কর্মীদের সোনার আংটি উপহার দেওয়ার খবর এই আয়োজনকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz