মূল অংশে যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ · ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ✍️ Blog / Citizen Journalism👤 লগইন
ব্রেকিং
খেলাধুলা

মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খেলতে দেখতে চান ২০৩০ সালের পরও

অলটাইম নিউজ ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ণ · আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ · ২ মিনিটে পড়ুন
মেসিকে কোচিং স্টাফে চান স্কালোনি, খেলতে দেখতে চান ২০৩০ সালের পরও
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক শেষ করতে চান না কোচ লিওনেল স্কালোনি। ভবিষ্যতে মেসিকে জাতীয় দলের কোচিং স্টাফে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে ২০৩০ সালের পরও মেসিকে মাঠে খেলতে দেখতে চান আর্জেন্টাইন এই কোচ।

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পড়েন স্কালোনি। মেসি কোচিং স্টাফে যোগ দিতে চাইলে তাকে স্বাগত জানাবেন বলে জানান তিনি।

স্কালোনি বলেন, ‘সে যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যা নেই। এখন ওয়াল্টার চলে যাচ্ছে। দেখো, সে চলে আসুক!’

আর্জেন্টিনার কোচিং স্টাফ ছাড়ছেন ওয়াল্টার স্যামুয়েল। নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চান তিনি। তবে তার বিদায়ের পর আপাতত নতুন কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই স্কালোনির। ভবিষ্যতে বয়সভিত্তিক দলের কোচিং স্টাফ থেকে কাউকে যুক্ত করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্যামুয়েলের বিদায় প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘ওয়াল্টার আগেই আমাদের জানিয়েছিল, সে একা নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চায়। আমার বন্ধু হিসেবে তার প্রতি চিরকৃতজ্ঞ। তার জন্য শুভকামনা। আমাদের কোচিং স্টাফের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল সে। নিজের পথচলা শুরু করার অধিকার তার আছে।’

মেসিকে কোচিং স্টাফে পাওয়ার আগ্রহ থাকলেও স্কালোনি মনে করেন, এখনই তার খেলোয়াড়ি জীবন শেষ হচ্ছে না। বরং ২০৩০ সালের পরও তাকে মাঠে দেখতে চান তিনি।

স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে সে ইতিমধ্যে সিদ্ধান্ত জানিয়েছে। তবে ফুটবলার হিসেবে আমি চাই, যত দিন পারে সে খেলে যাক।’

অবসরের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগেই কথা বলেছেন মেসি। কোচিংয়ের চেয়ে ফুটবল ব্যবস্থাপনায় বেশি আগ্রহ তার। এরই মধ্যে কয়েকটি ক্লাবে বিনিয়োগ করেছেন তিনি। আর্জেন্টিনার লিওনেস দে রোসারিও, স্পেনের এলদেনসে ও কর্নেলা এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে যুক্ত হয়েছেন মেসি। শেষের ক্লাবটিতে তার অংশীদার লুইস সুয়ারেজ।

সব মিলিয়ে খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে বিদায় জানালেও ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় মেসিকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে দেখতে চান স্কালোনি।

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে বা খবর সংরক্ষণ করতে লগইন করুন · নতুন? অ্যাকাউন্ট খুলুন (বিনামূল্যে)

💬 মন্তব্য

✍️ মন্তব্য লিখুন… — মন্তব্য করতে বিনামূল্যে অ্যাকাউন্ট খুলুন
আগে থেকেই অ্যাকাউন্ট আছে? লগইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য লেখকের নিজস্ব মত, AllTimeNews-এর নয়। অশালীন, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনমূলক মন্তব্য মুছে ফেলা হবে। · গোপনীয়তা / Datenschutz